প্রেসার কুকারে এভাবে বানিয়ে ফেলুন ভাইয়ের জন্য সাদা পোলাও
উৎসবের মরশুমে বাঙালিদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভূরিভোজ। রাত পোহালেই ভাইফোঁটা। অতঃপর, নিজের হাতে বোনেরা রান্না করে ভাইকে খাওয়াবেন। তবে ব্যস্ত শিডিউলে সকলেই সহজ রেসিপি খোঁজেন। তার জন্য রেঁধে নিতে পারেন সাদা পোলাও। প্রেসার কুকারে মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন রেস্তোরাঁর স্টাইলে ঝরঝরে সাদা পোলাও। চাল গলে যাবে না, আবার কাঁচাও থাকবে না। ট্রিকটা শুধু জল, আঁচ আর একটু ধৈর্যের। ঝটপট জেনে নিন সেই সহজ প্রণালী।
উপকরণ (৩ জনের জন্য)
বাসমতি চাল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, সাদা তেল ১ চা চামচ, তেজপাতা ১টা, দারুচিনি ১ ইঞ্চি, এলাচ ২টো, লবঙ্গ ৩টে, পেঁয়াজ কুচি ১টা মাঝারি, আদা-রসুন বাটা ১চা চামচ, গরম জল ১.৫ কাপ, নুন স্বাদমতো, চিনি ১/২ চা চামচ। কিসমিস, কাজু, কেওড়া জল থাকলে স্বাদ আরও বেড়ে যাবে। না থাকলেও চলবে।
প্রণালী
চাল ১০ মিনিট ভিজিয়ে রাখলে দানা লম্বা হয়। সময় না থাকলে সরাসরি ধুয়ে নিন। তবে ভালো করে ৩-৪ বার জল পাল্টে ধুতে হবে যতক্ষণ না জল একদম পরিষ্কার হয়। চালের গায়ের অতিরিক্ত স্টার্চই পোলাও আঠা করার মূল কারণ। ধোয়া হয়ে গেলে ঝাঁঝরিতে ৫ মিনিট রেখে জল ঝরিয়ে নিন। এরপর প্রেসার কুকার গরম করে ঘি ও সামান্য তেল দিন। শুধু ঘি দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। ঘি গরম হলে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। ১০ সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি করে ভাজুন। পেঁয়াজ লাল করবেন না, নাহলে পোলাওয়ের রং নষ্ট হবে। এবার আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ৩০ সেকেন্ড নাড়ুন। কাজু-কিসমিস থাকলে এখনই দিয়ে একটু ভেজে নিন। জল ঝরানো চাল দিয়ে দিন কুকারে। গ্যাস ফুল ফ্লেমে রাখুন। খুন্তি দিয়ে খুব হালকা হাতে চাল নাড়তে থাকুন ২মিনিট। চাল ভাঙবেন না। চালের গায়ে যেন ঘি লেগে প্রতিটা দানা আলাদা হয়ে যায়। চালের রং একটু স্বচ্ছ, মুক্তোর মতো হয়ে এলে বুঝবেন ভাজা পারফেক্ট হয়েছে। এবার ফুটন্ত গরম জল ঢেলে দিন। চালের ১ কাপের জন্য জল লাগবে ১.৫ কাপ। এই ১: ১.৫ রেশিও মিস করবেন না। নুন ও সামান্য চিনি দিন। চিনি দিলে দানা ঝরঝরে থাকে আর স্বাদের ব্যালান্স হয়। এবার ঢাকনা বন্ধ করে দিন। হাই ফ্লেমে ১টা সিটি দিন। সিটি পড়ার সঙ্গে সঙ্গেই গ্যাস একদম সিম করে দিন। সিমে রাখুন ঠিক ২ মিনিট। ব্যাস, গ্যাস বন্ধ। গ্যাস বন্ধ করার পর কুকারের ঢাকনা খুলবেন না। এটা সবচেয়ে বড় ভুল। প্রেসার নিজে থেকে রিলিজ হতে দিন। ৫-৭ মিনিট দমে রাখুন। এই দমেই চাল পুরো সেদ্ধ হবে আর দানাগুলো নিজে থেকে আলাদা হয়ে যাবে। তাড়াহুড়ো করে ঢাকনা খুললেই গরম ভাপে পোলাও ভেঙে ল্যাটপ্যাটে হয়ে যাবে। প্রেসার বেরিয়ে গেলে ঢাকনা খুলে ফর্ক দিয়ে হালকা হাতে নীচ থেকে ওপরের দিকে তুলে দিন। খুন্তি ব্যবহার করবেন না। দেখবেন একটা চাল আর একটার গায়ে লাগবে না। ওপর থেকে আরেকটু ঘি আর কেওড়া জল ছড়িয়ে ২ মিনিট ঢেকে রাখুন। গরম গরম পরিবেশন করুন।