রুমালি রুটির রেসিপিরেস্তরাঁয় রুমালি রুটি তো খেয়েছেন। এই রুটি পাতলা আর নরম। খেতে দারুণ লাগে। অনেকেই ভাবেন বাড়িতে এমন রুটি তৈরি করা বেশ কঠিন। কিন্তু জানলে অবাক হবেন, সাধারণ রুটি তৈরির তাওয়া দিয়েই বানাতে পারেন রুমালি রুটি। রুমালি রুটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ময়দা মাখা। আর রুটি ভাল করে বেলা। ময়দা মাখা খুব শক্ত হয়ে গেলে বা রুটি বেশি মোটা হলে রেস্তরাঁর মতো সেই নরম ও পাতলা হবে না। তাই কয়েকটি ছোটখাটো বিষয় মাথায় রাখা জরুরি। সবচেয়ে বড় কথা, এই রুটি তৈরির জন্য আলাদা কোনও বাসনেরও প্রয়োজন নেই। তাহলে জেনে নেওয়া যাক, বাড়ির সাধারণ রুটির তাওয়াতেই কীভাবে বানাবেন রুমালি রুটি।
যা যা লাগবে
ময়দা
গমের আটা
নুন
তেল
প্রয়োজনমতো ঈষদুষ্ণ জল
কীভাবে বানাবেন রুমালি রুটি?
একটি পাত্রে ময়দা, গমের আটা ও সামান্য নুন নিন। তার মধ্যে এক চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিয়ে নরম করে মাখা তৈরি করুন। সাধারণ রুটির মণ্ডের তুলনায় এটা একটু বেশি নরম রাখুন। তারপর পাত্রটি ঢেকে ৩০ মিনিট রেখে দিন। এতে ময়দা মাখা ভালভাবে তৈরি হবে। সুবিধে হবে রুটি বেলতেও।
ময়দা মাখা তৈরি হয়ে গেলে হালকা হাতে আরও এক বার মেখে নিন। এবার সেখান থেকে ছোট একটি লেচি কেটে গোল করে নিন। লেচির গায়ে সামান্য শুকনো আটা মাখিয়ে বেলন দিয়ে ধীরে ধীরে বেলতে শুরু করুন। প্রথমে সাধারণ রুটির মতো কিছুটা বড় করে বেলুন। তারপর চারপাশ থেকে হালকা হাতে বেলে রুটি পাতলা করে নিন। মনে রাখবেন, রুমালি রুটি যত পাতলা হবে, দেখতে ততই ভাল লাগবে।
রুটি বেলার সময় মাঝখানে খুব বেশি চাপ দেবেন না। বরং ধীরে ধীরে চারপাশের দিকে বেলুন, যাতে রুটির সব অংশ প্রায় সমান পাতলা হয়। এমনভাবে বেলতে হবে, যাতে রুটির ওপার দিকটা হালকা দেখা যায়। বেলার সময় রুটি আটকে গেলে সামান্য শুকনো আটা ব্যবহার করতে পারেন। তবে বেশি শুকনো আটা মাখাবেন না। রুটি শক্ত হয়ে যেতে পারে।
রুটি সেঁকার আগে তাওয়া ভাল করে গরম করে নিন। এবার সাবধানে বেলা রুটি তুলে গরম তাওয়ায় দিন। রুটি যেহেতু খুব পাতলা, তাই তাওয়ায় দেওয়ার সময় আলতো হাতে ছড়িয়ে দিন। কয়েক সেকেন্ড সেঁকে নিন। রুটি হালকা বাদামি হলেই উল্টে দিন। রুটির অন্য পিঠও কয়েক সেকেন্ড সেঁকে নিন। দুদিকে হালকা বাদামি দাগ দেখা দিলে বুঝবেন রুটি তৈরি। তবে বেশিক্ষণ তাওয়ায় রাখবেন না। তাহলে রুটি শক্ত হয়ে যেতে পারে। রুমালি রুটি নরম রাখতে অল্প সময়ের মধ্যেই দুপিঠ সেঁকে নেওয়া জরুরি। তৈরি গরম গরম রুমালি রুটি।
রুমালি রুটি নরম রাখার সহজ টিপস
তাওয়া থেকে রুটি নামানোর পরই আলতো হাতে ভাঁজ করে একটি পরিষ্কার কাপড়ে মুড়ে রাখুন। এতে রুটির নরমভাব থাকবে। তাড়াতাড়ি শক্ত হবে না। চাইলে রুটির উপরে সামান্য ঘি বা মাখন লাগাতে পারেন। প্রতিবার রুটি বেলার আগে তাওয়া ভাল করে গরম করে নিন।