Punjabi Dal Tadka Recipe: বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইলের 'পঞ্জাবি ডাল তরকা', রইল সুস্বাদু ও সহজ রেসিপি

শুধু বাঙালি নয়। উত্তর ভারতের রান্নাতেও ডালের কদর আছে। রেস্তোরাঁয় গিয়ে গরম তন্দুরি রুটি বা জিরে রাইসের সঙ্গে ধোঁয়া ওঠা ধাবা স্টাইলের পঞ্জাবি ডাল তরকা খাননি এমন মানুষ বিরল।

Advertisement
বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইলের 'পঞ্জাবি ডাল তরকা', রইল সুস্বাদু ও সহজ রেসিপিপঞ্জাবি ডাল ফ্রাই রেসিপি
হাইলাইটস
  • উত্তর ভারতের রান্নাতেও ডালের কদর আছে।
  • ধোঁয়া ওঠা ধাবা স্টাইলের পঞ্জাবি ডাল তরকা খাননি এমন মানুষ বিরল।
  • অড়হর ও ছোলার ডালের অসাধারণ মেলবন্ধনে তৈরি এই তরকা স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর।

Punjabi Dal Tadka recipe: শুধু বাঙালি নয়। উত্তর ভারতের রান্নাতেও ডালের কদর আছে। রেস্তোরাঁয় গিয়ে গরম তন্দুরি রুটি বা জিরে রাইসের সঙ্গে ধোঁয়া ওঠা ধাবা স্টাইলের পঞ্জাবি ডাল তরকা খাননি এমন মানুষ বিরল। তবে ছুটির দিনে বা মন ভালো করা কোনও সন্ধ্যায় যদি সেই একই রেস্তোরাঁর স্বাদ বাড়িতেই মেলে, তবে কেমন হয়? অড়হর ও ছোলার ডালের অসাধারণ মেলবন্ধনে তৈরি এই তরকা স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর। আসুন জেনে নেওয়া যাক খুব সহজ উপায়ে ঘরে বসেই কীভাবে বানিয়ে ফেলা সম্ভব এই বিখ্যাত পঞ্জাবি ডাল তরকা।

প্রথমেই জানা প্রয়োজন এই পদ তৈরিতে ঠিক কী কী উপকরণের প্রয়োজন হবে। সেদ্ধ করার জন্য লাগবে আধ কাপ ছোলার ডাল, আধ কাপ অড়হর বা অড়হর ডাল, আধ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন এবং প্রয়োজনমতো জল। সুস্বাদু গ্রেভি তৈরির জন্য রাখা চাই দুই টেবিল চামচ সাদা তেল, এক চা চামচ জিরে, এক চা চামচ আদা-রসুন বাটা, একটি মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, একটি কুচানো টমেটো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ মচমচে তরকা বা ফোঁড়নের জন্য লাগবে খাঁটি দেশি ঘি বা তেল, জিরে, মিহি করে কুচানো রসুন ও আদা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য তাজা ধনেপাতা কুচি।

ডাল তরকা তৈরির প্রণালী অত্যন্ত সহজ। প্রথমে ছোলার ডাল ও অড়হর ডাল ভালো করে ধুয়ে অন্তত দুই ঘণ্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এর পর প্রেসার কুকারে ডাল, জল, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ৩ থেকে ৪টি সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে ডাল একদম নরম হয়ে যায়।

এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে জিরে ফোঁড়ন দিতে হবে। জিরে সামান্য ভাজা হলে আদা-রসুন বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত কষাতে হবে। পেঁয়াজ ভাজা হলে টমেটো কুচি, নুন, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা ও গরম মশলা দিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে তাতে অল্প কসুরি মেথি ও সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিয়ে কম আঁচে ৫ থেকে ৭ মিনিট ফুটতে দিতে হবে, যাতে ডালের মধ্যে সমস্ত মশলার স্বাদ দারুণভাবে মিশে যায়।

Advertisement

সবশেষে আসবে তরকা তৈরির আসল ধাপ। একটি ছোট প্যানে ঘি বা তেল গরম করে জিরে, কুচানো রসুন, আদা ও শুকনো লঙ্কা দিয়ে সোনালি করে ভাজতে হবে। আঁচ বন্ধ করে তাতে সুন্দর রঙের জন্য লাল লঙ্কা গুঁড়ো এবং ধনেপাতা কুচি মিশিয়ে তৎক্ষণাৎ ফুটন্ত ডালের ওপর ঢেলে পাত্রের ঢাকনা বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুললেই ছড়াবে রেস্তোরাঁর মতো অপূর্ব সুবাস। তৈরি হয়ে গেল গরম গরম ধাবা স্টাইল পঞ্জাবি ডাল তরকা। গরম রুটি, নান, পরোটা বা সুগন্ধি জিরে রাইসের সঙ্গে পরিবেশন করুন এই অসাধারণ পদ। 

POST A COMMENT
Advertisement