পোহার সহজ রেসিপি।সকালের জলখাবারে রুটি, পাউরুটি কিংবা লুচির বাইরে একটু অন্য রকম কিছু খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন পোহা। মহারাষ্ট্রের এই জনপ্রিয় খাবার এখন দেশের নানা প্রান্তেই পরিচিত। চিঁড়ে দিয়ে তৈরি এই পদ সুস্বাদু, পেট ভরায় এবং বানাতেও বেশি সময় লাগে না। সামান্য কয়েকটি উপকরণেই মাত্র ১৫ মিনিটে তৈরি করা যায় পোহা। ব্যস্ত সকালে অফিস বা স্কুলে যাওয়ার আগে এটি হতে পারে সহজ জলখাবার।
পোহা বানাতে কী কী লাগবে?
২ কাপ মোটা চিঁড়ে, একটি মাঝারি পেঁয়াজ কুচি, একটি ছোট আলু, দু’টি কাঁচালঙ্কা, আধ চামচ সর্ষে, কয়েকটি কারিপাতা, আধ চামচ হলুদ গুঁড়ো, সামান্য চিনি, নুন, এক মুঠো চিনাবাদাম, একটি লেবু এবং দু’চামচ সাদা তেল। সাজানোর জন্য ধনেপাতা ও সামান্য নারকেল কুচিও রাখতে পারেন।
কীভাবে বানাবেন মহারাষ্ট্রের পোহা?
প্রথমে একটি ছাঁকনিতে চিঁড়ে নিয়ে হালকা জলে ধুয়ে নিন। বেশি ক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না। তাতে চিঁড়ে গলে যেতে পারে। জল ঝরিয়ে তার মধ্যে সামান্য নুন ও হলুদ মিশিয়ে রাখুন।
এ বার কড়াইয়ে তেল গরম করে চিনাবাদাম ভেজে তুলে রাখুন। একই তেলে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে কারিপাতা, কাঁচালঙ্কা ও পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে ছোট করে কাটা আলু দিয়ে ভাজুন। আলু সেদ্ধ করতে প্রয়োজনে সামান্য জল দিন।
আলু নরম হয়ে এলে চিঁড়ে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অল্প চিনি ও ভাজা চিনাবাদাম ছড়িয়ে দিন। ঢেকে কম আঁচে ২-৩ মিনিট রান্না করুন। শেষে লেবুর রস ও ধনেপাতা মিশিয়ে নামিয়ে নিন।
গরম গরম পোহা পরিবেশনের সময় উপর থেকে পেঁয়াজ কুচি, নারকেল ও কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন।