Oil Free Chicken Curry: এক ফোঁটা তেল ছাড়াই বানান সুস্বাদু চিকেনের ঝোল! স্বাদে জমজমাট, রান্নাও সহজ

বাড়িতেই বানিয়ে ফেলুন বিনা তেলের চিকেনের ঝোল। শুনতে অবাক লাগলেও, তেল ছাড়াও মুরগির মাংস দিয়ে সুস্বাদু পদ তৈরি করা সম্ভব।

Advertisement
এক ফোঁটা তেল ছাড়াই বানান সুস্বাদু চিকেনের ঝোল! স্বাদে জমজমাট, রান্নাও সহজতেল ছাড়া মুরগির পাতলা ঝোল তৈরির সহজ রেসিপি।
হাইলাইটস
  • রোজকার রান্নায় তেল বেশি হয়ে যাচ্ছে?
  • যাঁরা খাবারে বাড়তি তেল এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য বেস্ট রেসিপি। 

রোজকার রান্নায় তেল বেশি হয়ে যাচ্ছে? অথচ চিকেনের ঝোল খাওয়ার ইচ্ছাও রয়েছে? তা হলে এক বার বাড়িতেই বানিয়ে ফেলুন বিনা তেলের চিকেনের ঝোল। শুনতে অবাক লাগলেও, তেল ছাড়াও মুরগির মাংস দিয়ে সুস্বাদু পদ তৈরি করা সম্ভব। পেঁয়াজ, আদা, রসুন, টম্যাটো এবং কয়েকটি সাধারণ মশলার সাহায্যেই ঝোল হবে ঘন ও সুস্বাদু। যাঁরা খাবারে বাড়তি তেল এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য বেস্ট রেসিপি। 

 উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস, দু’টি পেঁয়াজ, একটি টম্যাটো, এক চামচ আদা-রসুন বাটা, টক দই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরমমশলা, নুন এবং পরিমাণমতো জল। চাইলে কয়েকটি কাঁচালঙ্কাও দিতে পারেন।

প্রণালী
প্রথমে মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এ বার একটি পাত্রে মাংসের সঙ্গে দই, আদা-রসুন বাটা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং নুন মিশিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে মশলা মাংসের ভিতরে ঢুকবে। স্বাদও বাড়বে।

এ বার একটি ননস্টিক বা মোটা তলার পাত্রে পেঁয়াজ কুচি দিন। অল্প জল দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। পেঁয়াজ বাদামি করতে তেল লাগে না। জল শুকিয়ে গেলে অল্প অল্প করে আবার জল দিতে পারেন। এর পর টম্যাটো কুচি দিয়ে ভাল করে মেশান। টম্যাটো গলে গেলে মাখানো মাংস পাত্রে ঢেলে দিন।

মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাংস থেকে জল বেরোবে। তাই শুরুতেই বেশি জল দেবেন না। পাত্র ঢেকে কম আঁচে রান্না করুন। মাঝে এক-দু’বার নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে প্রয়োজনমতো গরম জল মিশিয়ে ঝোলের ঘনত্ব ঠিক করুন। শেষে গরমমশলা ও কাঁচালঙ্কা দিয়ে আরও দু’মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

এই রান্নায় বাড়তি তেল বা ঘি লাগে না। ফলে খাবারের মোট ফ্যাট ও ক্যালোরি কমানো সহজ হতে পারে। মুরগির মাংসে প্রোটিন রয়েছে, যা শরীরের পেশি গঠনে সাহায্য করে। তবে শুধু তেল বাদ দিলেই কোনও পদ সম্পূর্ণ স্বাস্থ্যকর হয়ে যায় না। মাংসের পরিমাণ, সঙ্গে কী খাচ্ছেন, তার উপরেও পুষ্টিগুণ নির্ভর করে। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু চিকেনের ঝোল। 

Advertisement

POST A COMMENT
Advertisement