Rosun Chutney Recipe: তরকারি রান্নার মুড নেই? 10 মিনিটে বানিয়ে ফেলুন রসুনের চাটনি

উত্তর ভারতে খুব পপুলার রসুনের চাটনি। ঝালঝাল খেতে দারুণ। পরোটা বা রুটির সঙ্গে জমে যায়। আর বানানোর ঝক্কিও নেই। রইল রেসিপি।

Advertisement
তরকারি রান্নার মুড নেই? 10 মিনিটে বানিয়ে ফেলুন রসুনের চাটনিরসুনের চাটনির রেসিপি
হাইলাইটস
  • বাড়িতে বানিয়ে ফেলুন রসুন চাটনি।
  • পরোটা বা রুটির সঙ্গে জমে যাবে।

রসুনের চাটনি তো হিন্দি সিরিয়ালে শুনেছেন। বাংলায় অতটা প্রসিদ্ধ নয়। তবে খেতে দারুণ। বানানোও খুব সহজ। এই চাটনি দিয়ে  পরোটা খেলে আহা! স্বাদ ভুলতে পারবেন না। বাড়িতে কোনও সবজি নেই, আবার রান্না করারও ইচ্ছে করছে না, এমন দিনেও এই চাটনি হতে পারে দারুণ সমাধান। বড়জোর ১০ মিনিট লাগবে। স্বাদ এমন যে, দুটোর জায়গায় চারটে রুটি খেয়ে ফেলবেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।

রোজ একই খাবার খেয়ে বিরক্ত? তা হলে এক দিন রুটির সঙ্গে এই রসুনের চাটনি বানিয়ে ফেলুন। নিমেষে বদলে যাবে মুখের স্বাদ। তা হলে আর দেরি না করে জেনে নিন ঝটপট রসুনের চাটনি বানানোর ট্রিকস। শুরুতেই জানা যাক, রসুনের চাটনি বানাতে কী কী লাগবে?

রসুন: ২টি (প্রায় ২৫-৩০ কোয়া)
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদমতো
বিটনুন: স্বাদমতো
সর্ষের তেল: ২ টেবিল চামচ
জিরে: আধ চা চামচ
সর্ষে: ১/৪ চা চামচ
হিং: এক চিমটে
আমচুর গুঁড়ো: স্বাদমতো
কাঁচা ধনেপাতা: প্রয়োজনমতো
জল: অল্প

কীভাবে বানাবেন রসুনের চাটনি?

প্রথমে দুটি টাটকা রসুন নিয়ে খোসা ছাড়িয়ে কোয়াগুলি আলাদা করে নিন। এবার রসুনের কোয়াগুলি ভাল করে ধুয়ে শিলনোড়া বা হামানদিস্তায় নিয়ে একটু মোটা করে থেঁতো করে নিন। তাড়াতাড়ি চাটনি বানাতে চাইলে মিক্সারও ব্যবহার করতে পারেন। তবে রসুন একেবারে মিহি করে না বেটে সামান্য দানাদার রাখলেই চাটনির স্বাদ ভাল হবে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য বিটনুন দিয়ে দিন। অল্প জল দিয়ে থেঁতো করা রসুন এবং মশলাগুলি ভাল করে মিশিয়ে নিন। চাটনি প্রায় তৈরি।

তবে এখনও বাকি রয়েছে এর আসল চমক, স্পেশাল তড়কা। এই তড়কাই চাটনির স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। একটি প্যানে সর্ষের তেল গরম করুন। তেলের মধ্যে গোটা জিরে এবং সর্ষে দিয়ে ফোড়ন দিন। এরপর এক চিমটে হিং দিয়ে দিন। সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা রসুনের চাটনিটিও প্যানে দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। এবার স্বাদ অনুযায়ী সামান্য নুন এবং আমচুর গুঁড়ো মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না চাটনি থেকে তেল ছাড়তে শুরু করে। সবশেষে উপর থেকে কুচোনো টাটকা ধনেপাতা ছড়িয়ে দিন। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন ঝালঝাল রসুনের চাটনি।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement