Lemon Prawn Malaikari Recipe: অভিনব লেবু চিংড়ির মালাইকারি বানানোর সহজ রেসিপি, গরম ভাতে জমে যাবে
সহজেই বানিয়ে নিন লেবু চিংড়ির মালাইকারি। দুর্গাপুজোয় এই পদ খেতে লাগবে দারুণ। কীভাবে বানাবেন? জেনে নিন লেবু চিংড়ির রেসিপি।
লেবু চিংড়ির মালাইকারির রেসিপি - কলকাতা,
- 09 Oct 2026,
- (Updated 09 Oct 2026, 2:05 PM IST)
হাইলাইটস
- সহজেই বানিয়ে নিন লেবু চিংড়ির মালাইকারি
- দুর্গাপুজোয় এই পদ খেতে লাগবে দারুণ
- কীভাবে বানাবেন? জেনে নিন লেবু চিংড়ির রেসিপি
চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছেন। তবে এবার একটা অভিনব পদের নাম বলব। এর নাম হল লেবু চিংড়ির মালাইকারি। ঘটি বাড়ির এই পদ খেতে সেরার সেরা। আর বানানোও খুব একটা কঠিন কিছু নয়। তাই ঝটপট জেনে নিন লেবু চিংড়ির মালাইকারি বানানোর রেসিপি। তারপর দুর্গাপুজোয় এই নিয়ম মেনেই বাড়িতে বানিয়ে নিন পদটি। হলফ করে বলতে পারি, একবার খেলেই আঙুল চাটবেন।
কী কী লাগবে?
- বাগদা চিংড়ি লাগবে ৫০০ গ্রাম
- নারকেলের দুধ নিন ১.৫ কাপ
- পেঁয়াজ বাটা লাগবে আধ কাপ
- আদা ও রসুন বাটা নিন ১ চামচ করে
- গন্ধরাজ লেবু লাগবে ১টা
- লেবুর খোসা কুচি নিন আধ চামচ
- তেজপাতা ১টি, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে
- সরষের তেল নিন পরিমাণ মতো
- সেই সঙ্গে কাঁচা লঙ্কা লাগবে অল্প কয়েকটা
- এছাড়া চিনি ও নুন নিতে হবে
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে চিংড়ি মাছ ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাছটা ধুয়ে নিন। ধোয়া হলে জল ঝরিয়ে হলুদ ও নুন মাখিয়ে রাখুন।
- তারপর নুন ও হলুদ মাখা চিংড়ি মাছ তেলে হালকা করে ভেজে নিতে হবে। অল্প করে ভেজে তুলে নিন।
- এরপর ওই তেলে ফোড়ন দিতে হবে তেজপাতা ও গরম মশলা। তারপর হালকা করে নাড়িয়ে নিন।
- এবার পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিন। এগুলি ভাল করে কষিয়ে নিতে হবে।
- তারপর হলুদ, জিরে ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তাহলেই স্বাদ হবে দারুণ।
- এবার নারকেলের দুধ এবং সামান্য জল দিন। তারপর ঝোল ফুটতে দিতে হবে। এই ঝোলে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিতে হবে।
- ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিন ঝোলে।
- একটু পরেই মাছ সেদ্ধ হয়ে যাবে। এমনকী ঝোল মাখোমাখো হয়ে যাবে।
- নামানোর ঠিক আগে লেবুর রস এবং গন্ধরাজ লেবুর সবুজ খোসা কুচি ছড়িয়ে দিন। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করুন।
- ব্যস, তৈরি হয়ে গেল লেবু চিংড়ির মালাইকারি। এই পদ গরম ভাতের সঙ্গে লাগবে দারুণ। তাই পুজোতে অবশ্যই বানিয়ে নিন এই পদ।