Kolkata Style Hakka Chowmein Recipe: দোকানের মতো হক্কা চাউমিন বাড়িতেই! হালকা পোড়া ফ্লেভার আনুন এই সহজ পদ্ধতিতে

Kolkata Style Hakka Chowmein Recipe: রাস্তার ধারের চাউমিনের স্বাদই আলাদা। বড় কড়াই। চড়া আঁচ। নুডলসের সঙ্গে কুচোনো সবজি। তার উপর সয়া সস আর চিলি সসের ঝাঁঝ। সব মিলিয়ে এক অদ্ভুত গন্ধ। তবে সবচেয়ে বেশি টানে যে জিনিসটি, তা হল সেই হালকা পোড়া বা স্মোকি ফ্লেভার।

Advertisement
দোকানের মতো হক্কা চাউমিন বাড়িতেই! হালকা পোড়া ফ্লেভার আনুন এই সহজ পদ্ধতিতেকয়েকটি সহজ কৌশল জানলে বাড়িতেও তৈরি করতে পারেন কলকাতা স্ট্রিট স্টাইল হক্কা চাউমিন।
হাইলাইটস
  • রাস্তার ধারের চাউমিনের স্বাদই আলাদা।
  • বাড়িতে চাউমিন বানালে সেই গন্ধ অনেক সময় পাওয়া যায় না।
  • সহজ কৌশল জানলে বাড়িতেও তৈরি করতে পারেন কলকাতা স্ট্রিট স্টাইল হক্কা চাউমিন।

Kolkata Style Hakka Chowmein Recipe: রাস্তার ধারের চাউমিনের স্বাদই আলাদা। বড় কড়াই। চড়া আঁচ। নুডলসের সঙ্গে কুচোনো সবজি। তার উপর সয়া সস আর চিলি সসের ঝাঁঝ। সব মিলিয়ে এক অদ্ভুত গন্ধ। তবে সবচেয়ে বেশি টানে যে জিনিসটি, তা হল সেই হালকা পোড়া বা স্মোকি ফ্লেভার। বাড়িতে চাউমিন বানালে সেই গন্ধ অনেক সময় পাওয়া যায় না। যতই ভাল উপকরণ ব্যবহার করুন, দোকানের মতো স্বাদ যেন কিছুতেই আসে না।

কিন্তু কয়েকটি সহজ কৌশল জানলে বাড়িতেও তৈরি করতে পারেন কলকাতা স্ট্রিট স্টাইল হক্কা চাউমিন। খুব বেশি উপকরণও লাগবে না।

প্রথমেই নুডলস সেদ্ধ করার নিয়ম
চাউমিনের স্বাদ অনেকটাই নির্ভর করে নুডলসের উপর। নুডলস বেশি সেদ্ধ করে ফেলবেন না। ফুটন্ত জলে নুডলস দিয়ে প্যাকেটের নির্দেশ অনুযায়ী সেদ্ধ করুন। তবে পুরোপুরি নরম হওয়ার আগেই নামিয়ে নেওয়া ভাল।

এর পর ঠান্ডা জল দিয়ে নুডলস ধুয়ে নিন। জল ঝরিয়ে সামান্য তেল মেখে রাখুন। এতে নুডলস একে অপরের সঙ্গে লেগে যাবে না।

সবজি কাটবেন খুব সরু করে
কলকাতার দোকানের চাউমিনে সব্জির টুকরো সাধারণত খুব বড় হয় না। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং বিনস সরু করে কেটে নিন।

চিকেন বা ডিম দিলে সেটিও আগে তৈরি করে রাখতে পারেন। তবে সব্জি বেশি সেদ্ধ করবেন না। হালকা কচকচে থাকলেই চাউমিন বেশি ভাল লাগে।

আসল রহস্য কড়াইয়ে
এ বার আসল কাজ। চাউমিন বানাতে সম্ভব হলে ওয়ক বা লোহার কড়াই ব্যবহার করুন। কড়াই ভাল করে গরম করুন। তার পর তেল দিন।

তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ ও রসুন দিন। আঁচ কমাবেন না। তীব্র আঁচে দ্রুত নাড়তে থাকুন। এর পর একে একে সব্জি দিয়ে দিন।

এখানেই কলকাতা স্টাইল চাউমিনের একটি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। সব্জি বেশি সময় ধরে রান্না করা যাবে না। বেশি রান্না হলে জল ছাড়বে। ফলে চাউমিন নরম ও স্যাঁতসেঁতে হয়ে যাবে।

Advertisement

কীভাবে সেই স্মোকি ফ্লেভার আসবে?
কলকাতার স্ট্রিট স্টাইল চাউমিনের বিশেষত্ব হল উচ্চ আঁচে দ্রুত রান্না করা। কড়াই যথেষ্ট গরম থাকলে নুডলস ও সব্জি সামান্য কড়াইয়ের গায়ে লেগে হালকা বাদামি হয়ে যেতে পারে। সেখান থেকেই আসে সেই পরিচিত পোড়া গন্ধ।

তবে পুড়িয়ে ফেলবেন না। নুডলস দেওয়ার পর আঁচ বাড়িয়ে দ্রুত টস করতে হবে। কড়াই নাড়তে হবে বার বার। এই কয়েক মিনিটই চাউমিনের স্বাদ বদলে দিতে পারে।

এর পর দিন সয়া সস, চিলি সস এবং সামান্য ভিনিগার। স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচ দিন। চাইলে সামান্য টম্যাটো সসও দেওয়া যায়। তবে বেশি সস দেবেন না। তাতে নুডলসের আসল স্বাদ ঢাকা পড়ে যাবে।

নুডলস দেওয়ার পর বেশি নাড়বেন না
সেদ্ধ নুডলস কড়াইয়ে দিয়ে দ্রুত সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিন। বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। তীব্র আঁচে কয়েক মিনিট টস করলেই যথেষ্ট।

চাউমিন শুকনো এবং ঝরঝরে থাকবে। নুডলস যেন দলা পাকিয়ে না যায়, সে দিকে নজর রাখুন।

শেষে উপর থেকে সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। আর কলকাতার রাস্তার ধারের সেই চেনা পরিবেশ তৈরি করতে চাইলে প্লেটে চাউমিনের উপর পাতলা করে কাটা শসা, গাজর বা পেঁয়াজের সালাড দিতে পারেন।

ব্যস! তৈরি কলকাতা স্টাইল হক্কা চাউমিন।

তবে মনে রাখবেন, স্মোকি স্বাদের জন্য অতিরিক্ত তেল বা কাঁচা নুডলস পুড়িয়ে ফেলার দরকার নেই। আসল কৌশল হল খুব গরম কড়াই, তীব্র আঁচ এবং দ্রুত রান্না। এই তিনটি ঠিক রাখতে পারলেই বাড়ির রান্নাঘরেও কলকাতার স্ট্রিট স্টাইল চাউমিনের সেই পরিচিত স্বাদ ও গন্ধ পাওয়া যাবে। 

POST A COMMENT
Advertisement