Excess Oil Remove Tips: তরকারিতে অতিরিক্ত তেল? এই সহজ ট্রিকসেই বের করে নিন

তরকারিতে উপর থেকে তেলের স্তর ভাসতে দেখলে খারাপ লাগে। আবার ভাজাভুজি বা লুচিতে প্রয়োজনের তুলনায় বেশি তেল থাকলেও ক্ষতিকর। কীভাবে কমাবেন, জানুন সেই উপায়।

Advertisement
তরকারিতে অতিরিক্ত তেল? এই সহজ ট্রিকসেই বের করে নিনতরকারি থেকে অতিরিক্ত তেল বের করবেন যেভাবে
হাইলাইটস
  • তরকারিতে অতিরিক্ত তেল?
  • এই ট্রিকসেই কমিয়ে দেবেন।

রান্না করতে গিয়ে অনেক সময় একটু বেশি তেল পড়ে যায়। বিশেষ করে গ্রেভি, তরকারিতে উপর থেকে তেলের স্তর ভাসতে দেখলে! আবার ভাজাভুজি বা লুচিতে প্রয়োজনের তুলনায় বেশি তেল থাকলেও খারাপ লাগে। এমতাবস্থায় কী করবেন? তরকারি না খেয়ে ফেলে দেবেন? না, দরকার হবে না। এমন কয়েকটি সহজ ট্রিকস রয়েছে, যার সাহায্যে তরকারিতে পড়ে যাওয়া অতিরিক্ত তেল অনেকটাই কমিয়ে ফেলা যায়। খাবারের স্বাদেও বদল ঘটে না। 

প্রথমে বুঝতে হবে, তেলটি খাবারের উপরে ভেসে রয়েছে, গ্রেভির সঙ্গে মিশে গিয়েছে, নাকি কোনও ভাজা খাবার অতিরিক্ত তেল শুষে নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী সঠিক পদ্ধতি ব্যবহার করলেই অতিরিক্ত তেল অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন সেই সহজ টোটকাগুলি।

উপরে ভাসা তেল: কারি বা গ্রেভির উপরে যদি তেলের মোটা স্তর দেখা যায়, তাহলে সেটি সরিয়ে ফেলা সবচেয়ে সহজ। গ্যাস বন্ধ করার পর কয়েক মিনিট খাবারটি রেখে দিন। কিছুক্ষণ পর তেল উপরে উঠে আসবে। এবার একটি চওড়া চামচের সাহায্যে ধীরে ধীরে উপরে জমে থাকা তেল তুলে নিন। খেয়াল রাখবেন, তেলের সঙ্গে যেন বেশি পরিমাণে গ্রেভি উঠে না আসে। যে সব তরকারি বা কারিতে তেল আলাদাভাবে উপরে ভেসে থাকে, সেগুলির ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কার্যকর।

বরফের টুকরো: একটু অন্য রকম হলেও খাবারের উপরে অতিরিক্ত তেল জমে থাকলে কাজে আসতে পারে এই ট্রিকস। একটি পরিষ্কার চামচে কয়েকটি বরফের টুকরো রাখুন। এ বার সেই ঠান্ডা চামচের বাইরের অংশ খাবারের উপরের স্তরের উপর ধীরে ধীরে ঘোরান। ঠান্ডা চামচের সংস্পর্শে এসে কিছুটা তেল চামচের গায়ে লেগে যেতে পারে। চামচটি পরিষ্কার করে আবার একইভাবে প্রক্রিয়াটি করতে পারেন। তবে বরফ সরাসরি খাবারের মধ্যে দিয়ে দীর্ঘক্ষণ রেখে দেবেন না। বরফ গলে গেলে খাবারের স্বাদ এবং গ্রেভির ঘনত্ব দুটোই নষ্ট হতে পারে।

Advertisement

তরকারি ঠান্ডা করে: গ্রেভিতে তেলের পরিমাণ খুব বেশি হলে এবং চামচ দিয়ে তা তোলা কঠিন হলে খাবারটি ঠান্ডা করে নিন। প্রথমে খাবারটি ভালভাবে ঠান্ডা হতে দিন। তারপর কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে তেল বা ফ্যাট উপরে জমে আলাদা একটি স্তর তৈরি করে। তখন চামচ দিয়ে সহজেই সেই জমে থাকা তেল তুলে ফেলা যায়। এর পর তরকারিটি আবার গরম করে পরিবেশন করুন।

ভাজাভুজিতে পেপার টাওয়েল: পুরি, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই বা অন্য কোনও ভাজা খাবারে ভাজার পরেও অনেকটা তেল থেকে যায়। এমন ক্ষেত্রে ভাজা খাবারগুলি কিছু ক্ষণ ফুড-গ্রেড কিচেন পেপার বা পেপার টাওয়েলের উপর রেখে দিন।
উপর থেকে হালকা হাতে চাপ দিয়ে বা টোকা দিয়ে দিলে খাবারের উপরিভাগে থাকা অতিরিক্ত তেল কাগজ শুষে নেবে। তবে খুব জোরে চাপ দেবেন না। তাতে খাবারের মুচমুচে ভাব নষ্ট হয়ে যেতে পারে।

তেল থেকে সবজি আলাদা: কখনও কখনও সবজি, পনির বা মাংস তেলের মধ্যে বেশি রান্না হয়ে যায়। গ্রেভিতে আলাদা করে তেল দেখা যায়। একটি সহজ উপায় হল, চামচ দিয়ে শক্ত উপকরণগুলি তুলে অন্য একটি পাত্রে রেখে দেওয়া। চেষ্টা করুন, যে পাত্রে বেশি তেল জমে রয়েছে, সেখানকার অতিরিক্ত তেল যেন সঙ্গে না উঠে আসে। এতে মশলা বা খাবারের স্বাদে খুব বেশি পরিবর্তন না এনেই অতিরিক্ত তেলের পরিমাণ কমানো সম্ভব।

অন্যান্য উপকরণ বাড়ান: তেল খাবারের সঙ্গে ভাল করে মিশে গেলে আলাদা করে তুলে ফেলা সম্ভব হয় না। তাহলে অন্য উপকরণের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া যেতে পারে। যেমন, তরকারিতে আরও কিছুটা রান্না করা সবজি, ডাল বা ওই নির্দিষ্ট পদে ব্যবহৃত প্রয়োজনীয় অন্য উপকরণ মেশানো যেতে পারে। এতে একই পরিমাণ তেল বেশি পরিমাণ খাবারের মধ্যে ছড়িয়ে যাবে এবং পদের স্বাদও কিছুটা ভারসাম্যপূর্ণ হবে। প্রয়োজন অনুযায়ী পরে নুন ও মশলাও দিতে পারেন।
 

POST A COMMENT
Advertisement