ঢাকনা দিয়ে কম আঁচে রান্না। নিজের জলেই কুমড়ো সেদ্ধ হবে।Jackie Shroff Viral Pumpkin Recipe: অভিনেতা জ্যাকি শ্রফের বিভিন্ন রান্নার টিপস সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বিশেষ করে তাঁর ‘ভোপলা’ বা কুমড়োর রেসিপি বেশ ভাইরাল হয়েছিল। খুব সাধারণ। রান্নার পদ্ধতিও বেশ সহজ। জ্যাকি শ্রফের এই কুমড়োর রেসিপিতে মশলার ব্যবহার প্রায় নেই বললেই চলে। কুমড়োর নিজস্ব স্বাদই মেন। সঙ্গে জিরে, মৌরি, কাঁচা লঙ্কা এবং কারিপাতা। রান্নার সময় কুমড়োকে বার বার নাড়াচাড়া করতে হবে না। ঢাকনা দিয়ে কম আঁচে রান্না। নিজের জলেই কুমড়ো সেদ্ধ হবে।
প্রথমে ভাল করে কুমড়ো ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এবার একটি কড়াই আঁচে বসান। তাতে সামান্য তেল দিন। তেল গরম হলে দিন জিরে এবং মৌরি। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে কড়াইয়ে কুমড়োর টুকরোগুলি দিয়ে দিন।
এর পর কাঁচা লঙ্কা চিরে কুমড়োর উপর ছড়িয়ে দিন। চাইলে কয়েকটি কারিপাতাও দিতে পারেন। তাতে টেস্ট বাড়ে। স্বাদ অনুযায়ী সামান্য নুন দিন। আর এর পরেই জ্যাকি শ্রফের এই রান্নার বিশেষত্ব। কুমড়ো দেওয়ার পর বার বার খুন্তি চালালে চলবে না। কড়াই ঢেকে একেবারে কম আঁচে রান্না হতে দিন।
কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখুন। কুমড়ো নরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। কুমড়ো অতিরিক্ত গলে গেলে এই পদের আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই হালকা নরম হওয়া পর্যন্ত রান্না করাই ভাল। বাকিটা ভাপে হয়ে যাবে।
এই রেসিপির সবচেয়ে বড় সুবিধা হল, রান্নার জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় না। আচমকা বাড়িতে সবজি রান্না করতে হলে এই পদটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়।
গরম ডাল-ভাতের সঙ্গে যেমন খেতে পারেন, তেমনই রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। জ্যাকি শ্রফ নিজেও বার বার সহজ, ঘরোয়া এবং কম মশলার খাবারের কথা বলেন। সবজি বেশি সময় ধরে রান্না না করা স্বাস্থ্যকরও বটে। তাঁর কথায়, সবজিকে অতিরিক্ত রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হতে পারে।
তাই দুপুরে কম সময়ে সহজ রান্না করতে চাইলে জ্যাকি শ্রফের এই কুমড়োর রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খরচ কম। উপকরণ কম। রান্নার ঝামেলাও নেই। অথচ গরম ভাতের সঙ্গে এই সাদামাটা কুমড়োর পদ বেশ জমে যেতে পারে।