Instant Aloo Masala Dosa: কয়েক মিনিটেই ইনস্ট্যান্ট আলু মশলা ধোসা, ব্যাটার বানানোর সহজ ট্রিকস

সকালের জলখাবারে ধোসা খেতে ইচ্ছে করে অনেকের। বেশি সময় মোটেও লাগে না। আগের দিন থেকে ব্যাটার তৈরি করে রাখারও প্রয়োজন নেই। মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলতে পারেন ইনস্ট্যান্ট আলু মশলা ধোসা। বাইরে মুচমুচে, ভিতরে মশলাদার আলুর পুর।

Advertisement
কয়েক মিনিটেই ইনস্ট্যান্ট আলু মশলা ধোসা, ব্যাটার বানানোর সহজ ট্রিকসআলু মশলা ধোসার রেসিপি।
হাইলাইটস
  • সকালে ধোসা খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলুন।
  • মাত্র কয়েক মিনিটেই হয়ে যাবে মুচমুচে ধোসা।

সকালের জলখাবারে অনেক সময় এমন কিছু খেতে ইচ্ছে করে, যা একইসঙ্গে হালকা এবং স্বাস্থ্যকর। সেক্ষেত্রে আলু মশলা ধোসা হতে পারে দারুণ একটি অপশন। বাইরে মুচমুচে ধোসার ভিতরে মশলাদার আলুর পুর, সব মিলিয়ে দুর্দান্ত স্বাদ। তবে সাধারণত ধোসা বানাতে বেশ খানিকটা সময় লাগে। কারণ আগে থেকে ব্যাটার তৈরি করে নিতে হয়। কিন্তু এই রেসিপিতে সেই ঝক্কি নেই। যখনই ধোসা খেতে ইচ্ছে করবে, কোনও কিছু ভিজিয়ে না রেখেই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এই আলু মশলা ধোসা। বানানোও খুব সহজ। আগে কখনও ধোসা না বানিয়ে থাকলেও প্রথমবারেই তৈরি করতে পারবেন মুচমুচে ধোসা। দেখে নিন ধাপে ধাপে বানানোর পদ্ধতি।

ধোসার ব্যাটারের যা লাগবে
সুজি: ১ কাপ
গমের আটা: ১ চা চামচ
বেসন: ১ চা চামচ
দই: ২ টেবিল চামচ
নুন: স্বাদমতো
চিনি: ১ চা চামচ
তেল: ১ চা চামচ
জল: ১ কাপ
ইনো: ১ প্যাকেট
জল: ৩ টেবিল চামচ
মাখন বা তেল: ধোসা সেঁকার জন্য

আলুর পুর তৈরির জন্য যা যা লাগবে
তেল: ২ টেবিল চামচ
সর্ষে: আধ চা চামচ
জিরে: আধ চা চামচ
হিং: এক চিমটে
পেঁয়াজ কুচি: ১টি
কাঁচা লঙ্কা কুচি: ১টি
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদমতো
সেদ্ধ আলু: ৪টি
জল: ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি: সামান্য

যেভাবে বানাবেন ধোসা

প্রথমে মিক্সারে পরিমাণমতো সুজি, গমের আটা, বেসন এবং দই নিন। এর সঙ্গে স্বাদমতো নুন, সামান্য চিনি, এক চা চামচ তেল এবং এক কাপ জল দিয়ে ভাল করে মিক্স করে নিন। একটি পাত্রে ঢেলে ঢেকে রাখুন প্রায় ১০ মিনিট। এই ফাঁকে তৈরি করে নিন ধোসার ভিতরের পুর।

একটি প্যানে তেল গরম করে তাতে সর্ষে, জিরে এবং এক চিমটে হিং ফোড়ন দিন। ফোড়ন ফুটে উঠলে পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এবার হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে দিন। এরপর সেদ্ধ আলু চটকে প্যানে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সঙ্গে দু’টেবিল চামচ জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজুন। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।

Advertisement

১০ মিনিট পর সুজির ব্যাটার কিছুটা ফুলে উঠবে। এবার তাতে এক প্যাকেট ইনো এবং তিন টেবিল চামচ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব পাতলা বা অতিরিক্ত ঘন না হয়। 

এবার ধোসা বানানোর পালা। গ্যাসে একটি তাওয়া গরম করে তাতে সামান্য তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিন। আঁচ কমিয়ে হাতার সাহায্যে ব্যাটার তাওয়ার উপর ঢেলে গোল করে ছড়িয়ে দিন। ধোসার উপরের অংশ শুকিয়ে আসতে শুরু করলে সামান্য মাখন বা তেল ছড়িয়ে দিন। দুটো পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। ধোসার মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে মুড়ে ফেলুন।

তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট আলু মশলা ধোসা। গরমাগরম পরিবেশন করুন পছন্দের চাটনির সঙ্গে।

TAGS:
POST A COMMENT
Advertisement