বাঙালি কায়দায় মুরগির পাতলা ঝোল তৈরির সহজ রেসিপি ও রান্নার গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন।Chicken Light Curry Recipe: কোনও অকেশন হোক বা, রবিবারের দুপুর; মুরগির ঝোল বাঙালির অন্যতম পছন্দের রান্না। বিশেষ করে আলু দিয়ে পাতলা ঝোল হলে গরম ভাতের সঙ্গে একটা খোলতাই ব্যাপার হয়। খুব বেশি মশলা নয়। ঝালও বেশি নয়। অথচ স্বাদে একেবারে জমজমাট। টকটকে লাল রঙ। অনেকেই বাড়িতে মুরগির ঝোল রান্না করেন। কিন্তু সেই ঝাল, অথচ পাতলা ঝোলের স্বাদটা ঠিক আনতে পারেন না। আসলে টেস্ট করতে সব সময় বেশি মশলা দেওয়ার দরকার নেই। বরং কয়েকটি সহজ কৌশল মেনে চললেই মুরগির মাংস নরম হবে। ঝোলেও সুন্দর গন্ধ ও স্বাদ আসবে।
প্রায় ৫০০ গ্রাম মুরগির মাংস নিয়ে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর পর সামান্য নুন, হলুদ এবং এক চামচ টক দই দিয়ে মাংস মাখিয়ে রাখুন। সময় থাকলে অন্তত এক রাত ফ্রিজে এভাবে রেখে দিন। এতে মাংসের ভিতরেও মশলার স্বাদ ঢুকবে। চিকেনের কচকচে ভাব কেটে যাবে।
মুরগির ঝোলের আসল মজা অনেকটাই আলুর উপর নির্ভর করে। বড় আকারের আলু চার টুকরো করে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলি হালকা ভেজে তুলে রাখুন। খুব বেশি লাল করার দরকার নেই। হালকা সোনালি হলেই যথেষ্ট।
এবার ওই তেলেই গোটা জিরে বা তেজপাতা দিয়ে ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা-রসুন বাটা দিন।
এর পর হলুদ, লঙ্কার গুঁড়ো এবং জিরে-ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে মিশিয়ে কড়াইয়ে দিন। আঁচ মাঝারি রাখুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত ধীরে ধীরে কষান। আঁচ কমিয়ে ধৈর্য্য ধরে কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ কষানো থামাবেন না।
এই ধাপটি এড়িয়ে গেলে মুরগির ঝোলে কাঁচা মশলার গন্ধ থেকে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করাই ভাল।
মশলা ভাল করে কষানো হলে মুরগির টুকরোগুলি দিয়ে দিন। আঁচ একটু বাড়িয়ে কয়েক মিনিট ভাল করে নাড়াচাড়া করুন। চিকেন বা যে কোনও প্রোটিন ভাজলে তার স্বাদ ডাবল হয়ে যায়। তাই মাংসের গায়ে যেন হালকা ভাজা ভাব আসে। তাই সে কথা মাথায় রেখেই কষাবেন। মশলা সুন্দর ভাবে মিশে গেলে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিন।
এবার প্রয়োজন মতো গরম জল ঢালুন। ঢাকনা দিয়ে কম আঁচে রান্না হতে দিন। যত স্লো কুক হবে, ততই সুন্দর নরম টেক্সচার পাবেন। মুরগি নরম হয়ে গেলে নুন দেখে নিন। ঝোল পাতলা না ঘন; যেমন পছন্দ, সেই অনুযায়ী জল রাখুন।
শেষে সামান্য গরম মশলা এবং কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। রান্নার পর কয়েক মিনিট ঢেকে রাখলে মশলার গন্ধ আরও ভালভাবে মিশে যাবে।
গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে পেঁয়াজ, লেবু আর কাঁচালঙ্কা। এরপর বেশি ভাত খেয়ে ফেললে কিন্তু দায় আমাদের নয়!