বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই বানানো যায় ধোকলা।Dhokla Recipe: সকালের জলখাবারে রোজ একই খাবার খেতে খেতে বিরক্ত লাগছে? কখনও পোহা, কখনও পরোটা, আবার কখনও লুচি। এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ধোকলা। এই খাবার খেতে যেমন ভাল, তেমন তৈরি করাও খুব সহজ। বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই বানানো যায় ধোকলা।
ধোকলা গুজরাতের খুব জনপ্রিয় খাবার। তবে এখন দেশের নানা জায়গাতেই এই খাবার খাওয়া হয়। এটি নরম এবং তুলতুলে হয়। তেলও খুব বেশি লাগে না। তাই সকালের জলখাবার বা বিকেলের খাবার হিসাবে ধোকলা খেতে পারেন। মাত্র ১ কাপ বেসন দিয়েই তৈরি করা যাবে এই খাবার।
ধোকলা বানাতে কী কী লাগবে?
বেসন – ১ কাপ
সুজি – ২ টেবিল চামচ
টক দই – ২ থেকে ৩ টেবিল চামচ
আদা ও কাঁচালঙ্কা বাটা – ১ চা চামচ
ইনো বা বেকিং সোডা – ১ চা চামচ
লেবুর রস – ১ চা চামচ
নুন – স্বাদমতো
জল – প্রয়োজনমতো
ফোড়নের জন্য
তেল – ১ চা চামচ
সর্ষে – ১ চা চামচ
সাদা তিল – ১ চা চামচ
কাঁচালঙ্কা – ২টি
কারিপাতা – কয়েকটি
ধনেপাতা – সামান্য
কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্র নিন। তাতে বেসন এবং সুজি ঢালুন। ভাল করে মিশিয়ে নিন। এ বার এর মধ্যে টক দই, আদা ও কাঁচালঙ্কা বাটা দিন। স্বাদমতো নুন এবং লেবুর রস মেশান।
এর পর অল্প অল্প করে জল দিন। ভাল করে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনও দলা না থাকে। মিশ্রণ খুব পাতলা করবেন না। আবার খুব শক্তও রাখবেন না। মাঝারি ঘন মিশ্রণ তৈরি করুন।
এ বার পাত্রটি ঢেকে ১০ মিনিট রেখে দিন। এর পর মিশ্রণে ইনো দিন। সামান্য জল দিয়ে হালকা হাতে এক দিকে নাড়ুন। মিশ্রণে ফেনা তৈরি হবে। এই ফেনার জন্যই ধোকলা নরম হয়।
এ বার একটি থালা বা ধোকলা বানানোর পাত্রে সামান্য তেল মাখিয়ে নিন। তার মধ্যে মিশ্রণ ঢেলে দিন। একটি কড়াই বা স্টিমারে জল গরম করুন। তার মধ্যে পাত্রটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট ভাপে রান্না করুন।
ধোকলা হয়েছে কি না দেখতে একটি কাঠি ঢুকিয়ে দেখুন। কাঠি পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন ধোকলা তৈরি। ঠান্ডা হলে পছন্দমতো টুকরো করে কেটে নিন।
ফোড়ন
একটি ছোট প্যানে তেল গরম করুন। তাতে সর্ষে, সাদা তিল, কাঁচালঙ্কা এবং কারিপাতা দিন। সর্ষে ফুটতে শুরু করলে আঁচ বন্ধ করুন। এ বার এই ফোড়ন ধোকলার উপরে ছড়িয়ে দিন। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল নরম তুলতুলে ধোকলা। বাড়িতে চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।