Chingri Malai Curry Recipe: ঘটিদের মতো চিংড়ির মালাইকারি বানানোর সহজ রেসিপি, খেলেই আঙুল চাটবেন

Ghoti style Chingri Malai Curry: সহজেই বানিয়ে নিন ঘটি বাড়ির স্টাইলে চিংড়ির মালাইকারি। এটা বানানো খুবই সহজ। এটি বানাতে কী কী লাগবে? কীভাবে বানাবেন? জেনে নিন রেসিপি।

Advertisement
ঘটিদের মতো চিংড়ির মালাইকারি বানানোর সহজ রেসিপি, খেলেই আঙুল চাটবেনঘটি বাড়ির চিংড়ির মালাইকারি
হাইলাইটস
  • সহজেই বানিয়ে নিন ঘটি বাড়ির স্টাইলে চিংড়ির মালাইকারি
  • এটি বানাতে কী কী লাগবে?
  • কীভাবে বানাবেন? জেনে নিন রেসিপি

ইলিশ মাছ হল বাঙালদের পেটেন্ট। অন্যদিকে চিংড়ির দাবিদার হল ঘটিরা। তাই চিংড়ির যে কোনও পদ বানানোর ক্ষেত্রে ঘটি বাড়ির স্টাইল মেনে চলাই বুদ্ধিমানের কাজ। তাহলেই স্বাদ হবে সেরার সেরা। তাই ঝটপট ঘটি বাড়ির স্টাইলে চিংড়ির মালাইকারি বানানোর রেসিপি জেনে নিন। তারপর বাড়িতেই বানান পদটি। হলফ করে বলতে পারি, গরম ভাতের সঙ্গে খেলে পুরো জমে যাবে। 

কী ক লাগবে? 

  • আপনার যেই ধরনের চিংড়ি পছন্দ, তেমন চিংড়ি নিন ৫০০ গ্রাম। তবে ভাল হয় একটু বড় সাইজের গলদা চিংড়ি নিলে। এক্ষেত্রে চিংড়ি কিনে এনে ভাল করে ধুয়ে পিঠের কালো রগ ছাড়িয়ে নিন। সেটাকে হলুদ ও নুন মাখিয়ে নিতে হবে। 
  • নারকেল দুধ লাগবে ২ কাপ। এক্ষেত্রে ১ কাপ ঘন দুধ নিন। আর ১ কাপ পাতলা দুধ লাগবে। 
  • ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা নিন। 
  • আদা বাটা লাগবে ১ চা চামচ। 
  • জিরে বাটা ও জিরে গুঁড়ো লাগবে আধ চামচ করে। 
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিন ১ চামচ। 
  • গোটা গরম মশলা লাগবে পরিমাণ মতো। 
  • এছাড়া তেজপাতা লাগবে ১টি। 
  • কাঁচালঙ্কা নিন ৪ থেকে ৫টি। 
  • সর্ষের তেল নিতে হবে ৩ থেকে ৪ টেবিল চামচ।
  • ঘি নিন ১ টেবিল চামচ।
  • চিনি লাগবে অল্প পরিমাণে।
  • নুন ও হলুদ নিন পরিমাণ মতো।

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিন। তাতে চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। নুন ও হলুদ মাখানো মাছগুলো হালকা করে ভেজে নিন। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তাই অল্প করে ভেজে তুলে নিতে হবে।
  • এবার কড়াইতে আরও একটু তেল ঢালুন। তাতে তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই সুন্দর গন্ধ বেরবে। গন্ধ বেরলেই আঁচ কমিয়ে দিন। 
  • তারপর সেই তেলেই দিয়ে দিন পেঁয়াজ বাটা। সেটা হালকা সোনালী করে ভেজে নিতে হবে। এরপর আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো জলে গুলে নিন। তারপর সেই জল দিন কড়াইতে। এবার মশলা কষাতে থাকুন। 
  • মশলা কষে এলে সেখানে প্রথমে নারকেলের পাতলা দুধ দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন ও চিনি দিন। ঝোল ফোটার অপেক্ষা করুন। 
  • ঝোল ফুটলে দিয়ে দিন চিংড়ি মাছ। সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিতে হবে। এভাবে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। 
  • ঝোল ঘন যখন হয়ে যাবে, তখন নারকেলের বাকি ঘন দুধটা দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন। তারপর ২ মিনিটের মতো ফোটান। 
  • নামানোর আগে ওপর থেকে ঘি ও সামান্য গরম মশলা দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ঘটি বাড়ির স্টাইলে চিংড়ির মালাইকারি। 


এরপর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিন মালাইকারি। দারুণ লাগবে। 

 

POST A COMMENT
Advertisement