সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন মোমো। Easy Chicken Momo Recipe: চিকেন মোমো খেতে ভালবাসেন? দোকানের স্টিম মোমোতেও প্রচুর তেল থাকে। দামও আজকাল ৬০-৭০ টাকা। তাতে চিকেনের পুর নামমাত্র। তার চেয়ে বরং বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন মোমো। তবে এই মোমো তৈরির পদ্ধতি একটু আলাদা। ময়দা মেখে পাতলা করে বেলে পুর ভরার ঝামেলা নেই। সময়ও লাগবে কম। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মোমো।
এই পদ্ধতিতে প্রথমে তৈরি করতে হবে ময়দার একটি পাতলা গোলা। অনেকটা বেসন গোলার মতো হবে সেই মিশ্রণ। আর মোমোর পুর তৈরির জন্য লাগবে বোনলেস চিকেন। চিকেনটি যতটা মিহি হবে, মোমোর স্বাদ তত ভাল হবে।
প্রথমে বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে নিন। তার পর মিক্সিতে দিয়ে ভাল করে পেস্ট করে নিন। চিকেন যেন একেবারে মিহি হয়। এতে পরে মোমো আঁট বাঁধবে সহজে।
এবার চিকেনের পেস্ট একটি পাত্রে নিন। তার সঙ্গে দিন কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা। মেশান ধনেপাতা কুচি। স্বাদমতো নুন এবং সামান্য গোলমরিচ দিন। এর সঙ্গে অল্প সয়াসস মেশান। সবশেষে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটি ভাল করে মেখে নিন।
এবার অন্য একটি পাত্রে ময়দা নিয়ে জল দিয়ে পাতলা গোলা তৈরি করুন। গোলাটি যেন খুব ঘন না হয়। আবার একেবারে জলজলও করা যাবে না। অনেকটা বেসনের গোলার মতো ঘনত্ব রাখুন।
এবার একটি পাত্রে জল বসিয়ে দিন। জল খুব জোরে ফুটানোর প্রয়োজন নেই। হালকা আঁচে জল অল্প অল্প করে ফুটতে দিন।
চিকেনের মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। প্রতিটি বল ময়দার গোলায় ডুবিয়ে নিন। তার পর সাবধানে ফুটন্ত জলে ছেড়ে দিন। একসঙ্গে বেশি বল দেবেন না। তা হলে একে অপরের সঙ্গে লেগে যেতে পারে।
কিছুক্ষণ রান্না হওয়ার পর মোমোগুলি ধীরে ধীরে জলের উপর ভেসে উঠবে। বুঝতে পারবেন, মোমো প্রায় তৈরি। তখন সাবধানে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন ঝাল লাল চাটনির সঙ্গে।
এই চিকেন মোমো তৈরিতে ময়দা মাখা, বেলা বা আলাদা করে মোমোর শেপ দেওয়ার ঝামেলা নেই। তাই হঠাৎ মোমো খেতে ইচ্ছে করলে এই পদ্ধতি কাজে আসতে পারে। দোকান থেকে মোমো কেনার তুলনায় খরচও কম। সবচেয়ে বড় কথা, বাড়িতে তৈরি হওয়ায় উপকরণ এবং রান্নার পরিচ্ছন্নতাও মেনটেন করতে পারবেন।