Amriti Recipe: বাইরের ফুডকালার দেওয়া নয়, ঘরে বাচ্চাদের জন্য বানান ছোট ছোট অমৃতি

বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো অমৃতি। একদম সহজ রেসিপি রইল আপনার জন্য। আর কোনও ঝক্কিও নেই। প্যানেই হবে আপনার প্রিয় মিষ্টি।

Advertisement
বাইরের ফুডকালার দেওয়া নয়, ঘরে বাচ্চাদের জন্য বানান ছোট ছোট অমৃতি অমৃতির রেসিপি
হাইলাইটস
  • বাড়িতেই প্যানে বানান অমৃতি।
  • অমৃতি বানানোর সহজ রেসিপি।

অমৃতি খাননি এমন লোক পাওয়া মুশকিল। অমৃতি যেন অমৃত। কিন্তু কখনও কি বাড়িতে অমৃতি বানিয়ে খেয়েছেন? অনেকেই ভাবেন, বাড়িতে অমৃতি বানানো বেশ ঝক্কির। স্বাদও মিষ্টির দোকানের মতো হবে না। তবে সেই ধারণা বদলে দিতে পারে এই রেসিপি। কড়াইয়ের বদলে প্যানেই খুব সহজেই তৈরি করা যায় অমৃতি। তাহলে আর দেরি কেন শিখে নিন রেসিপি। 

দোকানের অমৃতির স্বাদ দারুণ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, তাতে কিন্তু ফুড কালার মেশানো থাকে। আর সেজন্যই এমন গাঢ় কমলা বর্ণ হয়। আপনি ঘরে রান্না করলে ফুড কালার দেবেন না। তাই অমৃতি হবে স্বাস্থ্যকরও। আর বাড়ির বাচ্চাদেরও নির্ভয়ে খাওয়াতে পারবেন। স্বাদেও মিষ্টির দোকানের অমৃতিকে টেক্কা দেবে। জানুন কীভাবে বাড়িতে বানাবেন এই মিষ্টি।

অমৃতি তৈরির উপকরণ

১/২ কাপ সাদা বিউলির ডাল (৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখা)
২-৩টি বরফের টুকরো
২ চিমটি বেকিং পাউডার
ভাজার জন্য তেল
১/২ কাপ চিনি
১ কাপ জল
২-৩টি ছোট এলাচ
সামান্য জাফরান

যেভাবে বানাবেন অমৃতি

প্রথমে বিউলির ডাল ৫-৬ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। বাটতে সুবিধা হবে। এরপর মিক্সির জারে ভেজানো ডাল দিয়ে ২-৩টি বরফের টুকরো যোগ করে মিক্স করুন। বরফের ঠান্ডায় ডাল বাটার সময় অতিরিক্ত গরম হবে না। ডালের পেস্ট আলাদা করে রাখুন।

বেটে রাখা ডালের পেস্ট একটি বড় পাত্রে নিয়ে ভাল করে ফেটাতে শুরু করুন। যোগ করুন বেকিং পাউডার। এমন ভাবে ফেটাতে হবে যাতে পেস্টটি অনেকটা ক্রিমের মতো হালকা ও ফোলা দেখায়। ১০ মিনিট মতো ফেটান।

এবার কড়াইয়ে ২ কাপ চিনি এবং ২ কাপ জল দিয়ে দিন। এর সঙ্গে এলাচ এবং জাফরান যোগ করুন। জাফরান পছন্দ না হলে বা বাড়িতে না থাকলে তা বাদ দিতে পারেন। নাড়তে নাড়তে রস তৈরি করুন। অমৃতির জন্য ঘন রস নয়, বরং একটু পাতলা রস প্রয়োজন। 

Advertisement

এবার একটি সুতির পরিষ্কার কাপড় নিন। একটা ছোট্ট ফুটো করে দিন। এর মধ্যে ডালের পেস্ট ভরে রাখুন। প্রথমে একটি প্লেট বা পাত্রের উপর পেস্ট দিয়ে অমৃতির নকশা করে অভ্যাস করে নিন। 

প্যানে ভাজুন

এবার প্যান গ্যাসে বসিয়ে প্রয়োজনমতো তেল দিয়ে গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে গোল করে অমৃতির নকশা তৈরি করুন। একদিক ভাল ভাবে ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে অন্য দিকটিও ভেজে নিন। দুদিক ভাজা হয়ে গেলে অমৃতিগুলি হালকা গরম চিনির রসে ডুবিয়ে দিন। কিছুক্ষণ রাখার পর তুলে নিন। তৈরি অমৃতি। 
 

TAGS:
POST A COMMENT
Advertisement