বাড়িতে এনে বানিয়ে ফেলুন মশলাদার আমলকির আচারআচার খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব বেশি পাওয়া যায় না। রোজকার খাবারে স্বাদের বৈচিত্র আনতে আচারের জুড়ি মেলা ভার। সেই কারণে উত্তর ভারতে রুটি দিয়ে আচার খাওয়ার ব্যাপক প্রচলন রয়েছে। বেশিরভাগ রাজ্যেই নিয়মিত পাতে আচার খাওয়ার প্রবণতা রয়েছে।
তবে আচারেরও তো বৈচিত্র চাই। আম-লেবুর আচার আর কাঁহাতক ভালো লাগতে পারে? তাই এখানে শেখানো হচ্ছে একটি নয়া আচারের রেসিপি। তৈরি করা হবে আমলকির আচার। বাজারে প্রতি পিস আমলকি মাত্র ১-২ টাকায় পাওয়া যায়।
আমলকিকে স্বাস্থ্যকর উপাদানের ভান্ডার হিসেবে মনে করা হয়। কারণ এতে রয়েছে, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। তবে, এর কষ স্বাদের কারণে অনেকে এটি কাঁচা খেতে পছন্দ করেন না। তবে আচার করা গেলে কিন্তু সবাই আঙুল চেটে খেতে পছন্দ করবে।
কী কী প্রয়োজন?
আমলকি - ৫০০ গ্রাম, মৌরি বীজ - ৩ টেবিল চামচ (গুঁড়ো করা), কালো সর্ষের দানা – ২ টেবিল চামচ (গুঁড়ো করা), মেথি দানা (১ চামচ), কালোজিরা - হাফ চামচ, হিং - টি স্পুনের চার ভাগের এক ভাগ, হলুদ গুঁড়ো- ১ টেবিল স্পুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো - ১.৫ টেবিল স্পুন, আমচুর গুঁড়ো বা লেবুর রস – ১ টি চামচ, সর্ষের তেল – ১/২ কাপ, কালো লবণ এবং সাদা লবণ - স্বাদমতো (একটু বেশি লবণ যোগ করুন)
কীভাবে তৈরি করবেন:
আমলকী ধুয়ে প্রেশার কুকারে একটি সিটি দেওয়া পর্যন্ত অথবা একটি প্যানে ৮-১০ মিনিট সেদ্ধ করুন। যতক্ষণ না আমলকির কোয়া আলাদা হতে শুরু করছে, ততক্ষণ সেদ্ধ করুন।
সেদ্ধ আমলকি ঠান্ডা করুন। এরপর এর বীজগুলো ফেলে দিন। একটি সুতির কাপড়ের উপর ছড়িয়ে দিন এবং আর্দ্রতা দূর করার জন্য ১ ঘন্টা ফ্যানের নিচে শুকিয়ে নিন।
একটি প্যানে অল্প আঁচে মৌরি, মেথি এবং সরিষার দানা ১ মিনিটের জন্য শুকনো করে ভাজুন। ঠান্ডা হয়ে গেলে, মিক্সারে দিয়ে সেগুলোকে মিহি করে গুঁড়ো করে নিন।
একটি প্যানে আধা কাপ সর্ষের তেল গরম করুন যতক্ষণ না ধোঁয়া উঠছে, ততক্ষণ গরম করুন। এরপর গ্যাস বন্ধ করে তেলটিকে হালকা গরম হতে দিন। গরম তেলে হিং ও কালোজিরা দিন। তারপর, মিহি করে বাটা মশলা, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, কালো লবণ ও সাদা লবণ দিয়ে নাড়ুন। এবার সেদ্ধ আমলকির টুকরোগুলো এই মশলাযুক্ত তেলে দিয়ে ভালোভাবে মেশান, যাতে প্রতিটি টুকরোর গায়ে মশলার প্রলেপ লাগে।
ব্যাস তৈরি হয়ে গেল আমলকির আচার। এটিকে ঠান্ডা করে একটি শুকনো কাচের জারে ভরে ফেলুন। ঠিক মতো রিজার্ভ করলে এটি কয়েক মাস ভালো থাকবে।