Amlokir Morobba Recipe: অরুচি কাটবে, বাড়বে খিদে, বানান আমলকির টক-মিষ্টি মোরব্বা

মুখে অরুচি? কিছু খেতে ইচ্ছা করছে না? তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। অনেকেই জানেন না, টাটকা আমলকী দিয়ে নানা রকম খাবার তৈরি করা যায়।

Advertisement
অরুচি কাটবে, বাড়বে খিদে, বানান আমলকির টক-মিষ্টি মোরব্বাউত্তর ভারতে আমলকির মোরব্বা বেশ জনপ্রিয়।
হাইলাইটস
  • মুখে অরুচি? কিছু খেতে ইচ্ছা করছে না?
  • তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন।
  • উত্তর ভারতে আমলকীর মুরব্বা বেশ জনপ্রিয়।

মুখে অরুচি? কিছু খেতে ইচ্ছা করছে না? তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। অনেকেই জানেন না, টাটকা আমলকি দিয়ে নানা রকম খাবার তৈরি করা যায়। উত্তর ভারতে আমলকির মোরব্বা বেশ জনপ্রিয়। টক-মিষ্টি স্বাদ। বাড়িতেই বানিয়ে নিতে পারেন গুড়ের আমলকির মোরব্বা। চিনির বদলে গুড়।  

আমলকির মোরব্বা বানাতে কী কী লাগবে?
প্রথমে নিন ৫০০ গ্রাম টাটকা আমলকি। সঙ্গে লাগবে ৫০০ গ্রাম গুড়। গুড় আগে থেকে কুরিয়ে বা ছোট টুকরো করে রাখতে পারেন। এছাড়াও লাগবে এক টেবিল চামচ ঘি, আধ চা চামচ কালো নুন, আধ চা চামচ শুকনো আদার গুঁড়ো, আধ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং ৪-৫টি ছোট এলাচ। চাইলে সামান্য দারচিনিও দিতে পারেন।

কীভাবে বানাবেন?
প্রথমে আমলকিগুলি ভাল করে ধুয়ে নিন। পরিষ্কার কাপড় দিয়ে জল মুছে ফেলুন। এ বার কাঁটাচামচ দিয়ে আমলকির গায়ে কয়েকটি গভীর ছিদ্র করে দিন। এতে পরে গুড়ের রস আমলকির ভিতর পর্যন্ত ঢুকবে।

এর পর একটি পাত্রে জল গরম করুন। তাতে আমলকিগুলি দিয়ে ৮-১০ মিনিট হালকা সেদ্ধ করুন। খুব বেশি নরম করে ফেলবেন না। আমলকি সামান্য নরম হলেই নামিয়ে নিন। জল ঝরিয়ে পরিষ্কার কাপড়ের উপর ছড়িয়ে দিন। এক থেকে দু’ঘণ্টা রাখুন। এতে আমলকির গায়ে থাকা অতিরিক্ত জল শুকিয়ে যাবে।

এ বার কড়াই বসান। তাতে এক টেবিল চামচ ঘি দিন। ঘি গরম হলে সেদ্ধ করা আমলকি দিয়ে দিন। তার পর কুরিয়ে রাখা গুড় মিশিয়ে দিন। আঁচ কম রাখবেন।

ধীরে ধীরে গুড় গলতে শুরু করবে। আমলকি থেকেও কিছুটা জল বেরোবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। কম আঁচে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।

কিছুক্ষণ পর আমলকির রং বদলাতে শুরু করবে। ধীরে ধীরে তা গাঢ় এবং চকচকে দেখাবে। গুড়ের রসও ঘন হবে। আমলকি নরম হয়ে গেলে বুঝবেন রান্না প্রায় শেষ।

Advertisement

এ বার কালো নুন, শুকনো আদার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং কুটে রাখা এলাচ দিয়ে দিন। চাইলে সামান্য দারচিনি দিতে পারেন। সব উপকরণ ভাল করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

গুড়ের রস ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। সঙ্গে সঙ্গে জারে ভরবেন না। মোরব্বাগুলি গুড়ের রসের মধ্যে এক থেকে দু’দিন রেখে দিন। এতে আমলকির ভিতরেও মিষ্টি রস ঢুকে যাবে।

এর পর পরিষ্কার এবং সম্পূর্ণ শুকনো কাচের জারে মোরব্বা ভরে রাখুন। জল যাতে না ঢোকে, সে দিকে খেয়াল রাখবেন। পরিষ্কার চামচ দিয়ে বার করলে দীর্ঘ দিন ভাল থাকে।  

POST A COMMENT
Advertisement