Sooji Idli Recipe: চাল, ডাল ভিজিয়ে রাখার ঝক্কি নেই, সুজি দিয়ে বানান আলুর পুরের ইডলি

সকালের জলখাবারে হালকা, সুস্বাদু অথচ স্বাস্থ্যকর অপশন আলুর পুরভরা ইডলি। এর জন্য ডাল, চাল সারা রাত ভিজিয়ে রাখারও দরকার নেই। বাড়িতে যখন ইডলি খেতে ইচ্ছা করবে, তখনই সুজি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই পদ।

Advertisement
চাল, ডাল ভিজিয়ে রাখার ঝক্কি নেই, সুজি দিয়ে বানান আলুর পুরের ইডলিসুজি দিয়ে ইডলির রেসিপি।
হাইলাইটস
  • সুজি দিয়ে বানান ইডলি।
  • রইল দারুণ রেসিপি।

সকালের জলখাবারে স্বাস্থ্যকর ও মুখরোচক কিছু খেতে চাইলে চেখে দেখতে পারেন আলুর পুরভরা ইডলি। বাইরে থেকে নরম তুলতুলে, আর ভিতরে মশলাদার আলুর পুর। সবমিলিয়ে খেতে দারুণ। সবচেয়ে বড় কথা, এই ইডলি তৈরি করাও বেশ সহজ। সময়ও লাগে কম। রোজকার সাধারণ জলখাবার খেতে খেতে একঘেয়েমি চলে এলে এই নতুন পদটি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড়, বাড়ির সকলেরই পছন্দ হবে আলুর পুরভরা এই ইডলি। নারকেলের চাটনি বা সাম্বারের সঙ্গে খেলে স্বাদ আরও বেড়ে যাবে। তা হলে আর দেরি না করে জেনে নিন মশলাদার আলুর পুর দিয়ে ইনস্ট্যান্ট ইডলি তৈরির সহজ রেসিপি।

আলুর পুরভরা ইডলি তৈরির উপাদান
সুজি: দেড় কাপ
টাটকা দই: ৩/৪ কাপ
নুন: স্বাদমতো
তেল: ১ চা চামচ
সর্ষে: আধ চা চামচ
জিরে: আধ চা চামচ
আদা: পরিমাণমতো
কাঁচালঙ্কা: ১-২টি
কারিপাতা: ৫-৭টি
শুকনো লঙ্কা: ১টি
পেঁয়াজ কুচি: ১টি
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: পরিমাণমতো
সেদ্ধ আলু: ২টি
ধনেপাতা কুচি: পরিমাণমতো
ইনো: ১ প্যাকেট
ঘি: ইডলির ছাঁচে মাখানোর জন্য

মশলাদার আলুর পুরভরা ইডলি তৈরির উপায়

প্রথমে একটি বড় পাত্রে সুজি নিন। তাতে দই, স্বাদমতো নুন এবং সামান্য জল মিশিয়ে ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব পাতলা বা বেশি ঘন না হয়। মাঝারি ঘন ব্যাটার তৈরি করতে হবে। প্রায় ৫ মিনিট ভাল করে ফেটিয়ে নিন। তারপর আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। আধ ঘণ্টা পর দেখবেন সুজি ফুলে উঠেছে। এবার তাতে এক প্যাকেট ইনো এবং সামান্য জল দিয়ে ভাল করে মেখে নিন। তৈরি হয়ে গেল ইডলির ব্যাটার।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে সর্ষে ও জিরে ফোড়ন দিন। আদা কুচি, কাঁচালঙ্কা, কারিপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো এবং সেদ্ধ আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। স্বাদমতো নুন দিয়ে আলুগুলি চটকে মশলার সঙ্গে মিশিয়ে দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর ছোট ছোট বল তৈরি করে রাখুন।

Advertisement

প্রথমে ইডলির ছাঁচে সামান্য ঘি মাখিয়ে নিন। প্রতিটি খোপে অল্প করে ব্যাটার ঢালুন। মাঝখানে একটি করে আলুর পুরের বল রাখুন। তার উপর আবার ইডলির ব্যাটার ঢেলে আলুর পুর সম্পূর্ণ ঢেকে দিন। এবার ছাঁচটি ঢাকা দিয়ে প্রায় ১৫ মিনিট ভাপে বসিয়ে রাখুন। ইডলি হয়ে গেলে ৫-১০ মিনিট ঠান্ডা হতে দিন। তারপর ছাঁচ থেকে সাবধানে বের করে গরম গরম খান।

গরম ইডলির উপর সামান্য দেশি ঘি ছড়িয়ে দিন। টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি বা সাম্বারের সঙ্গে খান। জমাটি খেতে হবে। 
 

TAGS:
POST A COMMENT
Advertisement