পশ্চিমবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেটবঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে দ্রুত আবহাওয়া বদলে যাচ্ছে বাংলায়। আজ, বৃহস্পতিবার ২৭ অগাস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। এমনকী বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও হতে পারে বৃষ্টি। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন।
ফের নিম্নচাপ
এই কয়েক দিন আগেই একটা নিম্নচাপ কাটিয়ে উঠেছে বাংলা। সেই দুর্যোগ যেতে না যেতেই আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি পড়লেও ভ্য়াপসা আবহাওয়া এখনও থাকবে। বজায় থাকবে অস্বস্তি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আসলে বাতাসে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই সঙ্গে রয়েছে মেঘ। যার ফলে অস্বস্তিকর গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় কী হবে?
কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের নানা সময় বর্ষণ দেখতে পারে রাজ্যের রাজধানী শহর। তাই আজ যাঁরা বাড়ি থেকে অফিসের পথে পা রাখছেন, তাঁরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা।
আবহওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উইকএন্ডে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের বর্ষা পরিস্থিতি কেমন থাকবে?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। এই সময় দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাতে বিপদ বাড়তে পারে।
উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি?
আজ দক্ষিণের মতোই ভিজবে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে। কিন্তু শনিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে বাংলার এই অংশে।