আবহাওয়ার আপডেটঅতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। কিন্তু সেই ঘূর্ণিঝড়ের রেশ কিছুতেই কাটছে না। আবহবিদরা জানাচ্ছেন, ছত্তিশগড় ও ওড়িশা সংলগ্ন এলাকায় 'অর্ণব'-এর অবশিষ্টাংশ ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আবার দক্ষিণ আন্দামান সাগরে শনিবারই তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। সেটিও শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ফলত নভেম্বরের শুরুতেই উপকূলবর্তী বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে IMD। তবে বাংলায় এই শক্তিশালী ওয়েদার সিস্টেমের কী প্রভাব পড়বে?
মৌসম ভবনের ওয়েদার বুলেটিন জানাচ্ছে, ‘অর্ণবে’র অবশিষ্টাংশ উত্তরমুখী হয়ে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পরে সেটি উত্তর-উত্তর পূর্ব দিকে সরে উত্তর-পূর্ব ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপরে এসে দুর্বল হয়ে যাবে। তবে শক্তি কমলেও বৃষ্টির সম্ভাবনা থাকছেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে যে নিম্নচাপটি অবস্থান করছিল, সেটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকা এবং আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। রবিও সোমবার এই সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করবে। তবে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও পূর্ব ভারতের বৃষ্টি হবে এর জেরে।
কলকাতায় বৃষ্টি হবে?
নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপের জন্য বাতাসে জলীয় বাষ্প থাকবে। তাতেই গরম অনুভূত হবে কলকাতায়। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১.৩ ডিগ্রি এবং ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে নিম্নচাপের কী প্রভাব?
নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের তেমন কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে উপকূলবর্তী কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। রবিবার সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে নিম্নচাপের কী প্রভাব?
রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।