ঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাড়াতেই কালীপুজোয় গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের পুজোয় শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাড়াতেই কালীপুজোয় গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী। প্রতিমা দর্শন সেরে আরতিও করলেন। তাঁকে সামনে পেয়ে বাবুনের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপরেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, 'দাদা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।'
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বাবুনের সঙ্গে দিদি মমতার সম্পর্কের টানাপড়েন কারও অজানা নয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই সংঘাত প্রকাশ্যে এসেছিল। হাওড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর আপত্তি জানিয়েছিলেন বাবুন। প্রয়োজনে নির্দল প্রার্থী হয়ে লড়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তার পরেই শিলিগুড়িতে সাংবাদিকদের সামনে বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন মমতা। জানিয়েছিলেন, তাঁকে পরিবারের সদস্য বলে মনে করেন না। যদিও পরে বাবুন নিজের অবস্থান থেকে সরে এসে দিদির পাশেই থাকার বার্তা দেন।
এবার সেই পারিবারিক দূরত্বের প্রসঙ্গ নিজেই তুলেছেন বাবুন। মঙ্গলবার শুভেন্দু-আগমনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। বলেন, ' ভালবাসা যারা রাখতে জানে, তাদের সঙ্গে ভালবাসা রাখা উচিত। শুভেন্দু অধিকারী আমাদের পাড়ায় আসবেন, এটা আমাদের পাড়ার গর্ব। চার বছর ধরে দিদি আমায় ফোঁটা দেন না। এখানে আমাদের এই পুজো নিয়েও দু'দিন আগে উনি কী বলেছিলেন সেটা সবাই দেখেছে।'
এক দিকে মমতার সঙ্গে পারিবারিক দূরত্ব। অন্যদিকে পাড়ার পুজোয় শুভেন্দুর উপস্থিতি। বাবুনের প্রকাশ্য সমর্থনের বার্তায় জল্পনা তুঙ্গে।