বিজেপিতে যোগদান ৩ প্রাক্তন TMC সাংসদেরতৃণমূল ছেড়ে বিজেপির ঝান্ডা ধরলেন রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ। ভোটের পর প্রথম দলবদল। এদের মধ্যে রয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলকে হারিয়ে রাজ্যের মসনদ প্রথমবারের মতো দখল করে বিজেপি। এরপর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেছিলেন তৃণমূল থেকে কাউকে দলে নেওয়া হবে না। বিজেপির জয়ের দু'মাস পার হয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের বিদ্রোহী তিন রাজ্যসভার সাংসদ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। তবে কি আগামী দিনে বিদ্রোহী তৃণমূলীদের জন্যও বিজেপিতে যোগদানের রাস্তা খুলে গেল? উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীক বললেন...
তৃণমূলে থেকে বিরক্ত এই তিন সাংসদ। তৃণমূলে তাঁরা ব্যতিক্রমী। যাদের নামের সঙ্গে চাকরি বিক্রি, দুর্নীতি, তোলাবাজি, চুরির অভিযোগ জড়িয়ে তাঁদের কাউকে নেওয়া হবে না। শমীক বলেন, "যারা নিরাপরাধ মানুষের সঙ্গে নিজের অধিকার চাপিয়ে দেননি। চাকরি বিক্রি করেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেননি, দুর্নীতি করেননি, অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করার জন্য দেওয়ালে ঘাসফুল এঁকেছিলেন তাঁদের কাছে অনুরোধ করেছিলাম পশ্চিমবঙ্গ থেকে ওই সরকারকে সরিয়ে দিন। প্রত্যেকের একটি অতীত আছে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের একমাত্র পরিচয় তাঁরা বিজেপি কর্মী। তাদের নামের সামনে দলত্যাগী লিখবেন না।"
প্রসঙ্গত, রাজ্যসভা থেকে ৩ সাংসদের পদত্যাগের পর থেকেই জল্পনা ছিল, জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তৃণমূল ত্যাগী তিন সাংসদ সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং সুখেন্দু শেখর রায়।
আগামী ২৪ জুলাই এই তিন আসনে ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এবার তিনটি আসনই বিজেপির দখলে যেতে বসেছে। কারণ, বিধায়ক সংখ্যা এবং তৃণমূল শিবিরে ভাঙনের জেরে তৃণমূল প্রার্থীই দিতে পারবে না। তার ভিত্তিতেই তিনটি আসন বিজেপির দখল করার কথা। বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল। ঠিক সেই সময়ে সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশের বিজেপিতে যোগদান হল।