Weather Update: ফের নিম্নচাপের আশঙ্কা, মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি, গরম থেকে রেহাই

মে মাসের দ্বিতীয় সপ্তাহেও প্যাচপ্যাচে গরমে নাজেহাল হতে হবে না রাজ্যবাসীকে। আগামী সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপেরও সম্ভাবনা রয়েছে। কবে থেকে বৃষ্টি হবে, কী জানাচ্ছে ওয়েদার বুলেটিন?

Advertisement
ফের নিম্নচাপের আশঙ্কা, মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি, গরম থেকে রেহাইফাইল ছবি
হাইলাইটস
  • ফের নিম্নচাপের আশঙ্কা
  • মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি
  • গরম থেকে রেহাই

প্রখর রোদের তেজ নয়, বরং মে মাসের শুরু থেকেই সঙ্গ দিচ্ছে বৃষ্টি। হয়ে গিয়েছে কালবৈশাখীও। ফলত ছাব্বিশের গ্রীষ্মের শুরুটা তেমন নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি রাজ্যবাসীকে। তাপমাত্রাও চলতি মাসের শুরুতে নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। আগামী সপ্তাহেও কি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে? নাকি গরম থেকে আর রেহাই পাবে না রাজ্যবাসী? কী বলছে আবহাওয়া দফতর? 

দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এর প্রভাবেই মূলত এই বৃষ্টিপাত চলছে রাজ্যে। ১২ মে অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই। 

দক্ষিণবঙ্গের আপডেট
আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে। ১৩ মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 

কলকাতার আবহাওয়া 
২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা নেমে গিয়েছে কলকাতার। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। আপাতত কলকাতাতেও চলবে মেঘ-বৃষ্টির খেলা। 

উত্তরবঙ্গের আপডেট
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। ১০ ও ১১ মে উত্তরের উপরের ৫টি জেলায় হাল্কা বৃষ্টি হলেও ১২ মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

 

POST A COMMENT
Advertisement