NRS Nurse Case: এনআরএসে নার্সের রহস্যমৃত্যু, শৌচাগারে উদ্ধার দেহ

এনআরএস হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে কর্মরত ছিলেন রূপালি বর্মণ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ শৌচালয়ে যান। উদ্ধার দেহ।

Advertisement
এনআরএসে নার্সের রহস্যমৃত্যু, শৌচাগারে উদ্ধার দেহএনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু
হাইলাইটস
  • এনআরএসে নার্সের রহস্যমৃত্যু।
  • ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (NRS Medical College)শৌচালয় থেকে উদ্ধার করা হল নার্সের দেহ। নাইট শিফটে ডিউটিতে ছিলেন। তাঁর বয়স ৩০ বছর। বুধবার রাত ৮টা থেকে রূপালি বর্মণ নামে ওই নার্সের নাইট শিফট ছিল।

হাসপাতালের এইচডিইউ-তে কর্তব্যরত রূপালির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ এবং ডিডি হোমিসাইডের দল। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ এইচডিইউ-র ৩৩ নম্বর ঘরের কাছে থাকা বাথরুমে যান রূপালি। প্রায় ৭ মিনিট কেটে গেলেও ফেরেননি। সহকর্মীরা ফোন করেন। ফোনেও সাড়া মেলেনি।

বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি এবং দরজায় ধাক্কা দিয়েও সাড়া না মেলায় ভাঙার সিদ্ধান্ত নেন নার্সরা। সেই মতো দরজা ভাঙা হয়। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রূপালি বর্মণকে। সঙ্গে সঙ্গে  চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

হাসপাতালের আউটপোস্ট থেকে পুলিশকে জানানো হয় পুরো ঘটনা। এন্টালি থানার পুলিশ এবং ডিডি হোমিসাইডের তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। উদ্ধার হয়নি সুইসাইড নোটও। ডিউটির আগে তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতার খবর এখনও মেলেনি।

স্বামীর সঙ্গে মৃত রূপালি বর্মণ থাকতেন দমদমে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ওই রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

 

POST A COMMENT
Advertisement