মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে কে থাকছেন? অশোক সিংহলের জন্মশতবর্ষের অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরের উত্তীর্ণ সভাঘরে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে শুভেন্দু জানিয়ে দিলেন চলতি সপ্তাহেই বাংলায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অমিত শাহ।
প্রসঙ্গত, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। দেবীপক্ষের সূচনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা ছিল। তবে রবিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
এবার ১০ অক্টোবর মহালয়া। জানা যাচ্ছিল, ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী মোদী সূচনা করবেন দুর্গাপুজোর। তার আগে থাকছে রোড শো। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। এছাড়াও ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক। বেজে উঠবে ১০ হাজার ঢাক। মনে করা হচ্ছে এমন ঘটনা জায়গা করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষাল গাইবেন পুজোর গান। সেখানেই উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ইডেনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন অমিত শাহ।