
কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় আপাতত ২ দিন জলের সমস্যা থাকবে। Kolkata Water Crisis: কোথাও কল থেকে সরু হয়ে জল পড়ছে। কোথাও আবার জলই আসছে না। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় আপাতত ২ দিন জলের সমস্যা থাকবে। এমনটাই জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা। কলকাতার জল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পাইপলাইনেই ফুটো। তার জেরেই এহেন পরিস্থিতি। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর বলছে, টালা রেল ব্রিজের নিচে রেললাইনের তলায় ১৮০০ মিলিমিটার ব্যাসের বড় জলের পাইপে গর্ত। সেটা ঠিক করতে কিছুটা সময় লাগবে।
ইঞ্জিনিয়ার প্রসূন সাহা জানালেন, টালার মেন পাইপের বেশ কয়েকটি শতাব্দী প্রাচীন। ১৯১১ সালে ব্রিটিশ আমলে বসানো হয়েছিল। তারপর থেকে সেটাই রয়েছে। এত বড় পাইপ বারবার বদল করাও সম্ভব নয়। তাই মাঝে মাঝে ফাটলের ঘটনা ঘটতে পারে। তবে তা মেরামতযোগ্য। এক্ষেত্রেও ধরা পড়ার সঙ্গে সঙ্গেই মেরামতির কাজ শুরু হয়েছে। তবে রেল ব্রিজে নিচে কাজ করা অত সহজ নয়। আগে রেলের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে কো-অর্ডিনেট করেই কাজ করছেন পুরসভার কর্মীরা। মেরামতি শেষ হতে এক থেকে দু'দিন লাগতে পারে। সেই কারণে আপাতত জলের প্রেসার কিছুটা কম থাকতে পারে। সাপ্লাই সাময়িকভাবে বন্ধও করতে হতে পারে।

ব্রিটিশ আমলের পাইপলাইন, বয়সই কি কারণ?
এখনও কলকাতার বহু এলাকার পাইপলাইন সেই ব্রিটিশ আমলের। মাটির প্রায় ৩-৪ মিটার নিচে। টালার পাইপলাইনের দু'টি জায়গায় ফুটো ধরা পড়েছে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই।
তবে ইঞ্জিনিয়াররা বলছেন, শুধু বয়সকেই দায়ী করে লাভ নেই। মাটির নিচে দীর্ঘদিনের ক্ষয়, পাইপের জোড়ের দুর্বলতা, জলের চাপের ওঠানামা এবং আশপাশের পরিকাঠামোরও প্রভাব পড়ে। তাছাড়া এত বড় পাইপলাইন হঠাৎ বদল করার থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণই বেশি যুক্তিযত।
কোন কোন এলাকায় প্রভাব পড়তে পারে?
পুরসভার ইঞ্জিনিয়ার জানালেন, মোট আটটি এলাকা প্রভাবিত হতে পারে। সেগুলি হল; সিআর অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা।
পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন অনুযায়ী জলবাহী গাড়ির ব্যবস্থা রাখার কথাও জানিয়েছে পুরসভা।
কলকাতার জল ঠিক কোথা থেকে আসে?
অনেকেরই ভুল ধারণা আছে। ভাবেন কলকাতার জল মাটির নিচ থেকে তোলা হয়। কিন্তু কলকাতার পানীয় জলের প্রধান উৎস হুগলি নদী। নদী থেকে জল তুলে প্রথমে পানিহাটির কাছে পলতা জলপ্রকল্পে পরিশোধন করা হয়।
পলতার এই ট্রিটমেন্ট প্ল্যান্টের নাম ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে দিনে ২৬০ মিলিয়ন গ্যালন পর্যন্ত জল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে।
হুগলি নদী থেকে আপনার বাড়ির বালতি!
প্রথমে নদী থেকে জল সংগ্রহ
হুগলি নদী থেকে ইনটেক পাম্পের সাহায্যে অপরিশোধিত জল তোলা হয়।
জল ফিল্ট্রেশন
পলতায় জলের ময়লা, ভাসমান পদার্থ ও জীবাণু দূর করা হয়। এর জন্য সেডিমেন্টেশন, ফিল্টারেশন এবং ব্যাকটেরিয়া ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে।
মেন পাইপলাইনে সাপ্লাই
পরিশোধিত জল বড় পাইপের মাধ্যমে কলকাতার দিকে পাঠানো হয়।
বড় মেন ট্যাঙ্কে স্টোর করা
টালা-সহ বিভিন্ন পাম্পিং স্টেশন ও ভূগর্ভস্থ জলাধারে জল জমা রাখা হয়।
এরপর ডিসট্রিবিউশন
বুস্টার পাম্পিং স্টেশনের সাহায্যে বিভিন্ন দিকে ছোট ও মাঝারি পাইপলাইনে করে জল সাপ্লাই দেওয়া হয়।
কলকাতা পুরসভার জল
কলকাতায় জল সরবরাহ ব্যবস্থাকে সাতটি হাইড্রলিক জোনে ভাগ করা যায়। সেগুলি হল সেন্ট্রাল, নর্থ, সাউথ, ওয়েস্ট, যাদবপুর ইউনিট, SSU/GRU এবং টিউবওয়েল জোন। অর্থাৎ, শহরের প্রতিটি এলাকায় একই পাইপলাইন দিয়ে জল যায় না। একাধিক জলাধার, পাম্পিং স্টেশন এবং কানেক্টিং পাইপের মাধ্যমে সাপ্লাই কন্ট্রোল করা হয়।
টালার গুরুত্ব ঠিক কতটা?
টালা ট্যাঙ্কের নাম মোটামুটি সবাই জানেন। যেটা জানেন না, তা হল, এখানে জল কোথা থেকে আসে। পলতা থেকে আসা পরিশোধিত জলই এখানে সাময়িকভাবে স্টোর করা হয়। তারপর পাম্পিং সিস্টেমের মাধ্যমে শহরের বিভিন্ন অংশে পাঠানো হয়।
তাই টালা এলাকার বড় পাইপলাইনে সমস্যা হলে তার প্রভাব শুধু উত্তর কলকাতাতেই হয় না। মেন সাপ্লাই সিস্টেমের সঙ্গে জড়িত একাধিক ডিসট্রিবিউশন সেন্টারে জলের প্রেসার পড়ে যেতে পারে। পুরসভায় টালা ছাড়াও পার্ক সার্কাস, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, বাগমারি, কসবা, রানিকুঠি, কালিঘাট, গড়ফা, বেহালা-সহ একাধিক বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে।