Petrol Diesel Sale: কলকাতায় পেট্রোল, ডিজেল, কেরোসিনের খুচরো বিক্রি নিষিদ্ধ, ৬০ দিনের জন্য কড়া নির্দেশ

Kolkata Police: কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শহরে দোকানে দোকানে অবৈধভাবে পেট্রোল বিক্রি রুখতে ৬০ দিনের জন্য খুচরো বিক্রি ব্যান করল কলকাতা পুলিশ।

Advertisement
কলকাতায় পেট্রোল, ডিজেল, কেরোসিনের খুচরো বিক্রি নিষিদ্ধ, ৬০ দিনের জন্য কড়া নির্দেশকলকাতায় পেট্রোল, ডিজেল, কেরোসিনের খুচরো বিক্রি ব্যান
হাইলাইটস
  • খুচরো পেট্রোল, ডিজেল, কেরোসিন বিক্রি নিয়ে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।
  • ২০ অগাস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে।
  • পরবর্তী ৬০ দিন অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়ম বলবৎ থাকবে।

খুচরো পেট্রোল, ডিজেল, কেরোসিন বিক্রি নিয়ে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। খোলা বাজার এবং রাস্তার ধারের দোকানে দোকানে পেট্রল, ডিজেল ও কেরোসিন খুচরোভাবে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। অনুমোদনহীনভাবে দাহ্য পেট্রোলিয়ামজাত পণ্য মজুত ও ব্যবহারের ফলে অগ্নিকাণ্ড  ও আমজনতার জীবনের ঝুঁকির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দিয়েছেন। আগামী ২০ অগাস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে। পরবর্তী ৬০ দিন অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়ম বলবৎ থাকবে।

অজয় নন্দ পেট্রল পাম্প এবং লাইসেন্সপ্রাপ্ত জ্বালানি বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন, কেবলমাত্র অনুমতি প্রাপ্ত ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমে সরাসরি গাড়ির জ্বালানি ট্যাঙ্কেই পেট্রোল বা ডিজেল দিতে হবে। বিশেষ ভাবে অনুমতি ছাড়া, বোতল, জার, প্লাস্টিকের ক্যান, ড্রামে জ্বালানি দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বেশ কিছু জায়গায় রাস্তার ধারে খোলা বোতলে পেট্রোল, ডিজেল বিক্রির মতো ঘটনা কলকাতা পুলিশের নজরে আসতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং পেট্রোলিয়াম দ্রব্যের অপব্যবহার রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আধিকারিক বলেন, “পেট্রোলিয়ামজাত পণ্য যাতে নির্দিষ্ট নিরাপত্তা বিধি এবং লাইসেন্সের শর্ত মেনেই বিক্রি ও ব্যবহার করা হয়, তা নিশ্চিত করাই এই নির্দেশের উদ্দেশ্য।” কোনও ব্যক্তি আইন না মানলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement