
কলকাতা পুরসভায় অধিবেশন কক্ষে আসন সংখ্যা বাড়ছেকলকাতা পুরসভার ডিলিমিটেশন ইস্যুতে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভার ভোট ঘিরে যখন নানা অনিশ্চয়তা, তখন লালবাড়িতে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার তোড়জোড় শুরু হয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ।
অধিবেশন কক্ষে এসি ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে
ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যতদিন না পুরসভার ভোট হবে, ততদিন প্রতিটি ওয়ার্ডে বিজেপি-র কো-অর্ডিনেটর থাকবেন। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে যে ২০৯ করা হতে চলেছে, সেই পরিকল্পনা মতোই কাজ শুরু হয়ে গিয়েছে। ২০৯ ওয়ার্ড মানে ২০৯ জন পুর প্রতিনিধি। তাই কলকাতা পুরসভার এসি ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে অধিবেশন কক্ষে AC-র ক্ষমকা ৪ টন বাড়ানো হল। এছাড়াও অতিরিক্ত রো তৈরি করা হচ্ছে।

ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ২০৯
কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪। সম্প্রতি সেখান থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিআইএম নেতা দীপু দাস। ভোট ঘোষণায় স্থগিতাদেশ দাবি করে তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াও আইন মেনে হয়নি।

সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি বুধবার
এই মামলায় ভোট ঘোষণায় স্থগিতাদেশ দিতে রাজি হয়নি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান ওই সিপিআইএম নেতা। তাঁর আশঙ্কা ছিল, যে কোনও দিন ভোট ঘোষণা হতে পারে। তা হলে আর এই মামলার কোনও গুরুত্ব থাকবে না। শেষ পর্যন্ত ৬ নভেম্বর ভোট ঘোষণায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথক ভাবে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। আজ অর্থাত্ সোমবার জোড়া মামলারই শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি হবে বুধবার।