Kolkata Metro : পুজোর আগে মেট্রোর সময়সূচিতে বদল, প্রথম ও শেষ ট্রেন কখন মিলবে?

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল। একই সঙ্গে বৃহত্তর জনস্বার্থে যাত্রীদের তরফ থেকে সহযোগিতা পাওয়ার আশাও করেছে। 

Advertisement
পুজোর আগে মেট্রোর সময়সূচিতে বদল, প্রথম ও শেষ ট্রেন কখন মিলবে? প্রতীকী ছবি
হাইলাইটস
  • এই পরীক্ষার জন্য ভোরের দিকে এবং রাতের শেষ ভাগে বাণিজ্যিক পরিষেবা আংশিকভাবে কমানো প্রয়োজন
  • সেই কারণেই পরিষেবা শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে

পুজোর ঠিক আগে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে বদল আনল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ১৩ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে এই লাইনে পরিষেবা চালু থাকবে সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত। আগে এই লাইনে সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যেত। রেল কর্তৃপক্ষের দাবি, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজের পরীক্ষার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে। 

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পরিষেবা চালুর প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যেই গত ১০ অক্টোবর থেকে এই অংশে ট্রায়াল রান শুরু হয়েছে। আগামী দিনগুলিতেও নির্ধারিত সুরক্ষা বিধি মেনে পরীক্ষা চালানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা ও সুরক্ষা সংক্রান্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

কেন বদলাচ্ছে মেট্রোর সময়?

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়া এবং চলতি প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা তাদের অগ্রাধিকার। অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশ দ্রুত চালু করতে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হচ্ছে।

এই পরীক্ষার জন্য ভোরের দিকে এবং রাতের শেষ ভাগে বাণিজ্যিক পরিষেবা আংশিকভাবে কমানো প্রয়োজন। সেই কারণেই পরিষেবা শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিষেবা শেষের সময় ৫০ মিনিট এগিয়ে আনা হচ্ছে।

কত দিন কার্যকর থাকবে নতুন সময়সূচি?

১৩ অক্টোবর থেকে কমলা লাইনে নতুন সময়সূচি কার্যকর হবে। তবে কত দিন এই পরিবর্তন চলবে, তা নির্দিষ্ট করে জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। প্রয়োজনীয় পরীক্ষা ও সুরক্ষা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই সময়সূচি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল। একই সঙ্গে বৃহত্তর জনস্বার্থে যাত্রীদের তরফ থেকে সহযোগিতা পাওয়ার আশাও করেছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement