কলকাতা মেট্রোয় কী এমন ঘটল? কলকাতা মেট্রোর মধ্যে ভয়ঙ্কর ঘটনা। তরুণী যাত্রীর অভিযোগ, অশালীন ভাবে তাঁকে স্পর্শ করেছে এক সহযাত্রী। যিনি মত্ত অবস্থায় ছিলেন। ঘটনাটি ঘটেছে মেট্রো এসপ্ল্যানেড স্টেশন দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে। ইতিমধ্যেই শেকসপিয়ার সরণী থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
ঘটনাটি গত বুধবার রাতের। চাঁদনি চক মেট্রো স্টেশন ৮টা ৫৭ মিনিটের ট্রেনে ওঠেন ওই তরুণী। অভিযুক্ত ব্যক্তি ওঠে এসপ্ল্যানেড থেকে। অভিযোগ, মহিলা সংরক্ষিত আসনের সামনে এসে তরুণীর ঠিক পিছনে দাঁড়িয়ে পড়ে সে।
কিছুক্ষণ পরই তরুণী বুঝতে পারেন, তাঁর শরীর স্পর্শ করছেন অভিযুক্ত। প্রতিবাদ করেন। কিন্তু তাতে অসভ্যতা থামেনি। তরুণীর অভিযোগ, জোরাল প্রতিবাদ করতে অশালীন আচরণ বাড়িয়ে দেয় ওই ব্যক্তি। এমনকী, ওই ব্যক্তির প্যান্টের চেন নামানো অবস্থায় ছিল এবং পুরুষাঙ্গ ছিল প্রকাশ্যে। এমনও অভিযোগ তরুণীর। তরুণী চেঁচামেচি করতেই অভিযুক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে পুরুষাঙ্গ ঢাকার চেষ্টা করেন।
ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় ওই মেট্রোয়। যাত্রী একত্রে চিৎকার চেঁচামেচি করতে ওই ব্যক্তি রবীন্দ্র সদন স্টেশনে নেমে যায়। তরুণীর দাবি, অভিযুক্ত মদ খেয়ে মেট্রোয় উঠেছিল।
রাতে ৯টা ২৪ মিনিটে কবি নজরুল মেট্রো স্টেশনে, নির্ধারিত গন্তব্যে নামেন ওই তরুণী। সেখানে মেট্রো স্টেশনে গিয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য মেলেনি বলে দাবি। এরপর বৃহস্পতিবার তিনি শেকসপিয়ার সরণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই তরুণীকে সঙ্গে করে নিয়ে মেট্রোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে রবীন্দ্র সদন ও চাঁদনি চক স্টেশনে পৌঁছে গিয়েছিল পুলিশ। ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।
সংবাদমাধ্যমে তরুণী বলেন, 'খুব ভিড় ছিল মেট্রোয় তাই প্রথমে বুঝতে পারিনি। কয়েক মুহূর্ত পর বুঝতে পারি, 'পিছনে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। খুব কষ্ট করে আমি যখন ঘুরে তাকাই, তখন দেখি, একটা হাত পিঠ থেকে ধীরে ধীরে নামছে। ফিরে দেখি, প্যান্টের চেন খোলা ছিল। অত্যন্ত অশালীন ভঙ্গিতে দাঁড়িয়ে ওই যাত্রী। তখন ওঁকে কয়েকজন ঘিরে ধরেন। প্লাস্টিক দিয়ে ওখানটা চেপে রেখেছিলেন। যাতে বিষয়টা স্পষ্ট না হয়। প্লাস্টিকটা তাঁর হাত থেকে পড়ে যায়। এরপর রবীন্দ্র সদনে নেমে যায়। চেষ্টা করেছিলাম যাতে নামতে না পারে, ফটো বা ভিডিও তোলার চেষ্টাও করেছিলাম কিন্তু পারিনি ওই মুহূর্তে। ফোন ব্যাগে ছিল। অন্য এক যাত্রী বলেন, এরকমটা সে আগেও ঘটিয়েছে।'