আবহাওয়ার আপডেট রাজ্যে বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ৪৫ মিলিমিটার। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ৩৩.৮ মিলিমিটার, উত্তর ২৪ পরগনার দমদমে ৩৪.৭ মিলিমিটার, পশ্চিম বর্ধমানের আসানসোলে ২৮.৮ মিলিমিটার এবং পূর্ব বর্ধমানের বর্ধমানে ৪৪.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কলকাতার আলিপুরে গত ২৪ ঘণ্টায় ৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, ফলে গরমের অস্বস্তি পুরোপুরি কাটেনি।
উত্তরবঙ্গেও বেশ কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। কালিম্পং জেলার লাভায় ৫৩ মিলিমিটার, আলিপুরদুয়ারের সাঙ্কোশে ৪৯.৪ মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরের আমফু মাজিয়ানে ৪৮ মিলিমিটার এবং কালিম্পংয়ের ঝালংয়ে ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে নদী-নালা ফুলে ওঠার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ ৩০ জুলাই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় এক বা দু’জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল শুক্রবার ৩১ জুলাই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত থাকলেও সতর্কতার মাত্রা কিছুটা কমবে। তবে উপকূল ও গাঙ্গেয় অঞ্চলের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রঝড় হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পার্বত্য এলাকায় ভূমিধসপ্রবণ অঞ্চলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
১ ও ২ অগাস্ট দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনও আবহাওয়া সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি এবং ২ আগস্ট থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পর্যটকদের অপ্রয়োজনীয় পাহাড়ি যাত্রা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
৩ থেকে ৫ অগাস্ট উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি, পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে এই সময়েও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে, তবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
এদিকে মৌসুমী বৃষ্টির সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, ১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি। তবে জেলাভিত্তিক ছবিতে বৈচিত্র্য রয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, নদিয়া ও উত্তর দিনাজপুরে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। আগামী কয়েক দিনের বৃষ্টিতে সেই ঘাটতি কিছুটা পূরণ হতে পারে বলে আবহাওয়াবিদদের আশা।