এই হোটেলে উদ্ধার জার্মান নাগরিক কলকাতার একটি হোটেল থেকে উদ্ধার হল ৬৭ বছর বয়সি এক জার্মান পর্যটকের দেহ। মৃতের নাম মিন্টেন থমাস। নিউ মার্কেট থানা এলাকার একটি বিলাসবহুল হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই বিদেশি পর্যটকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর কলকাতায় আসেন জার্মানির নাগরিক মিন্টেন থমাস। একটি ভারতীয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভারত ভ্রমণে এসেছিলেন তিনি। কলকাতায় আসার আগে দিল্লি ও বারাণসী ঘুরতে গিয়েছিলেন। তারপর কলকাতায় এসে ওই হোটেলে ওঠেন।
পুলিশ সূত্রে খবর, আজ সোমবার মিন্টেনের কলকাতা শহর ঘুরে দেখার কথা ছিল। সেই ব্যবস্থাও করেছিল সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি। কিন্তু রবিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এজেন্সির কর্মীরা। বারবার ফোন করা হলেও কোনও উত্তর মেলেনি। এরপর বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান তাঁরা।
ট্রাভেল এজেন্সির কাছ থেকে খবর পেয়ে হোটেলের কর্মীরা ডুপ্লিকেট চাবি দিয়ে ওই পর্যটকের ঘরের দরজা খোলেন। ভিতরে ঢুকে বিছানার উপর তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পর্যটককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ ছাড়াও লালবাজারের হোমিসাইড বিভাগ এবং সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকেরা হোটেলে পৌঁছন। ঘরটি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে ওই পর্যটকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি, ঘটনার বিষয়ে জার্মান কনস্যুলেটকেও অবহিত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।