মমতার বিরুদ্ধে এফআইআরগতকাল, শুক্রবারই পুলিশকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মমতার বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মিছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ মমতার বিরুদ্ধে।
শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করে মমতাপন্থী তৃণমূল। ওই সভার অনুমতি দিয়ে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অন্যতম শর্ত ছিল, মিছিলের জন্য রাস্তার একটা দিক ব্যবহার করার। খোলা রাখতে হবে উত্তরমুখী রাস্তা। কিন্তু তৃণমূল কর্মীদের জমায়েতের কারণে রাস্তার অন্য দিকেও যান চলাচল ব্যাহত হয় বলে দাবি। সেই সঙ্গে সভার অনুমতি দেওয়া ছিল দুপুর ১২টা থেকে ৩টে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ হয়নি বলে অভিযোগ। এনিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।
মমতার বিরুদ্ধে এফআইআরের কথা শুক্রবারই বলেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল,'প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ ভাঙলেন। একটা লেন ছেড়ে করতে বলেছিল। গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করালেন। আমি পুলিশকে বলেছি এফআইআর করতে। হাইকোর্টে যেতে বলেছি। ছাড়া হবে না'।