Santanu Sinha Biswas : প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, কান্দির জমিতেও নজর ED-র

বিশেষ করে কলকাতার হোসেনপুরে থাকা দুটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি ED-র। তদন্তকারীদের বক্তব্য, ওই দুটি ফ্ল্যাট শান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে এবং তাঁরই সুবিধার জন্য কেনা হলেও সেগুলি একটি সংস্থার নামে নথিভুক্ত করা হয়েছিল।

Advertisement
প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, কান্দির জমিতেও নজর ED-র শান্তনু সিনহা বিশ্বাস
হাইলাইটস
  • মামলার তদন্তের অগ্রগতিতে ED-র তরফে একাধিক চার্জশিট বা প্রসিকিউশন কমপ্লেনও জমা দেওয়া হয়েছে
  • ১৭ জুন জয় এস কামদারের বিরুদ্ধে মূল প্রসিকিউশন কমপ্লেন জমা পড়ে

সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার (DCP) শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। তাঁর এবং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে থাকা মোট ২.৭৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দির জমি। অর্থপাচার প্রতিরোধ আইন (PMLA), ২০০২-এর আওতায় এই পদক্ষেপ করেছে ED।

ED-র দাবি, সোনা পাপ্পু ও তার সহযোগীদের বিরুদ্ধে তোলাবাজি, খুন, জমি দখল এবং বেআইনি নির্মাণের মতো একাধিক অভিযোগের তদন্তে আর্থিক অনিয়মের হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা একাধিক FIR-এর ভিত্তিতে এই মামলায় তদন্ত শুরু করে ED। তদন্তে উঠে এসেছে, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, জয় এস কামদার এবং তাঁদের সহযোগীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থার মাধ্যমে বেআইনি নির্মাণ, জমি ও সম্পত্তি দখল এবং তোলাবাজির মতো কাজ থেকে অপরাধলব্ধ টাকা তৈরি হয়েছিল বলে অভিযোগ।

ED-র তদন্তে বিশেষভাবে উঠে এসেছে প্রাক্তন DCP শান্তনু সিনহা বিশ্বাসের নাম। তিনি একসময় কলকাতা পুলিশের কালিঘাট থানার ওসি ছিলেন। পরবর্তী সময়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদেও দায়িত্ব সামলেছেন। তদন্তকারী সংস্থার দাবি, কালিঘাট থানার ওসি থাকাকালীন জয় এস কামদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে কামদার পুলিশের অন্দরে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন এবং নিজের বেআইনি কাজকর্ম চালিয়ে যেতে শান্তনুর সাহায্য পেয়েছিলেন।

ED-র দাবি, শান্তনু সিনহা বিশ্বাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২.৮৯ কোটি টাকার অপরাধলব্ধ সম্পত্তি অর্জন, গোপন এবং নিজের দখলে রেখেছিলেন। তদন্তে আরও অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে পাওয়া সম্পত্তি ও আর্থিক সুবিধার সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করার জন্য সেগুলি বিভিন্ন সংস্থা, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে রাখা হয়েছিল।

বিশেষ করে কলকাতার হোসেনপুরে থাকা দুটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি ED-র। তদন্তকারীদের বক্তব্য, ওই দুটি ফ্ল্যাট শান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে এবং তাঁরই সুবিধার জন্য কেনা হলেও সেগুলি একটি সংস্থার নামে নথিভুক্ত করা হয়েছিল। প্রকৃত মালিকানা এবং সম্পত্তির উৎস আড়াল করতেই এই ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ তদন্তকারী সংস্থার।

Advertisement

এর আগে চলতি বছরের ১ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২২ মে কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ED। সেই তালিকায় ছিল প্রাক্তন DCP শান্তনু সিনহা বিশ্বাস, জয় এস কামদার এবং সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি-সহ একাধিক ঠিকানা। তল্লাশিতে নগদ ১.৬৪ কোটি টাকা, সোনার গয়না, একটি টয়োটা ফরচুনার গাড়ি, একটি লাইসেন্সবিহীন রিভলভার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছিল।

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জয় এস কামদার, শান্তনু সিনহা বিশ্বাস এবং বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে। PMLA-র ১৯(১) ধারায় তাঁদের গ্রেফতার করা হয়। বর্তমানে তিনজনই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

মামলার তদন্তের অগ্রগতিতে ED-র তরফে একাধিক চার্জশিট বা প্রসিকিউশন কমপ্লেনও জমা দেওয়া হয়েছে। ১৭ জুন জয় এস কামদারের বিরুদ্ধে মূল প্রসিকিউশন কমপ্লেন জমা পড়ে। এরপর ১০ জুলাই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন জমা দেয় ED। ১৭ জুলাই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন দাখিল করা হয়। সব মিলিয়ে সোনা পাপ্পু মামলায় প্রাক্তন পুলিশকর্তার সম্পত্তির উৎস এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে তদন্ত আরও জোরদার করল ED। 

POST A COMMENT
Advertisement