সজল ঘোষ, দিলীপ ঘোষপুজো শেষ হতে না হতেই পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল। এবারের পুরভোটে নতুন কী চমক দেবে রাজ্যের শাসকদল? TMC কাউন্সিলর, যাঁরা বিক্ষুদ্ধ, তাঁদের জন্য কি BJP-র দরজা খুলবে? সজল ঘোষই কি এবার তাঁদের প্রোজেক্টেড মেয়র? সব প্রশ্নের অকপট জবাব দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।
জানা গিয়েছে, শুক্রবারই পুরভোট নিয়ে বৈঠকের ডাক দিয়েছে BJP। পাশাপাশি এই মর্মেই বৈঠকে বসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূলও। যদিও মমতার দল আপাতত ধীরে চলো নীতি নিয়েই এগোচ্ছে। প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে জোট করেও লড়তে পারে তারা।
মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'বিরোধীরা প্রত্যেকেই ছন্নছাড়া। গত ৫০ বছর ধরে যারা রাজত্ব করেছে, তাদের মানুষ দেখছে। ওদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে গিয়েছে। তাই মানুষের এখন তাদের নিয়ে কোনও মাথাব্যথা নেই।'
উল্লেখ্য, তৃণমূলের বোর্ডের অনেক কাউন্সিলরই ইতিমধ্যেই BJP-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। পদ্ম শিবিরে যোগদান করা এবং যথারীতি নিজ নিজ ওয়ার্ড থেকে লড়াইয়ের ইচ্ছাপ্রকাশও করেছেন কেউ কেউ। মন্ত্রীর কথায়, 'ভোট এলেই একটি দলের কর্মীরা অপর দলে চলে যান। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এটা চলে এসেছে বরাবর, আর চলবেও। মানুষ নিজেদের মতো করে রায় দেবে।' তৃণমূল কাউন্সিলরদের দলে নেওয়া প্রসঙ্গে দিলীপের বক্তব্য, 'আমার দলের শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে বৈঠক করছেন। তাঁরাই যাবতীয় ,সিদ্ধান্ত নেবে। তবে বাংলার রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়।'
সজল ঘোষই কি এবার BJP-র প্রোজেক্টেড মেয়র? দিলীপ ঘোষের কাছে এ বিষয়ে কী খবর রয়েছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমাদের দল এভাবে কাউকে মেয়র প্রোজেক্ট করে না। দল টিকিট দেবে। যাঁদের জেতার সম্ভাবনা রয়েছে, তাঁদেরকে বাছাই করে নেবে। সেখান থেকে নেতা নির্বাচিত হবে।'