Depression Alert: পুজোর আগে সাগরে নিম্নচাপ, কলকাতা ও জেলায় জেলায় ঝড়বৃষ্টি? আবহাওয়া দফতরের আপডেট

ফের তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। সাগরের উপরই হবে এর অবস্থান। এর জন্য কি বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে? পুজোর সময় কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

Advertisement
পুজোর আগে সাগরে নিম্নচাপ, কলকাতা ও জেলায় জেলায় ঝড়বৃষ্টি? আবহাওয়া দফতরের আপডেট  ফের তৈরি হচ্ছে নিম্নচাপ (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • ফের তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ
  • সাগরের উপরই হবে এর অবস্থান
  • এর জন্য কি বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে?

পুজোর আগেই পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট। ইতিমধ্যেই একটি সাইক্লোন তৈরি হয়েছে থাইল্যান্ড উপসাগরে। সেটি ১১ অক্টোবর, রবিবার সকাল আন্দামান সাগরে পৌঁছবে। তারপর আগামী ১৩ অক্টোবর এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তারপর পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, পুজোর আগে ঠিক কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? নিম্নচাপের জন্য কি পুজোর আগেও বৃষ্টি হবে? পুজোতেও বৃষ্টি চলবে? যদিও বিষয়টা নিয়ে ভাল খবরই দিয়েছে আবহাওয়া দফতর। আসুন আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস জেনে নেওয়া যাক।

নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পুজোর আনন্দ মাটি? 
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেটি বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই খবর সামনে আসার পরই অনেকের চিন্তা, আগামী কয়েক দিন ঠিক কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? আর বিষয়টা নিয়ে মুখ খুলেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপাসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এই সিস্টেম নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। ১৩ অক্টোবর বা মঙ্গলবার পর্যন্ত মোটের উপর শুষ্ক থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। খুব বেশি হলে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর বেশি কিছু নয়। 

তবে খেলা ঘুরবে ১৪ অক্টোবর থেকে। বুধবার কলকাতা থেকে শুরু করে উত্তর ১৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ৩০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। 

পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

আবার ১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও দুর্গাপুজোর শুরুতে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। তাই চিন্তার কিছু নেই।

আর সপ্তমী থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। স্থানীয়ভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

Advertisement

রবিবার আবহাওয়ার আপডেট 
পুজোর আগে শেষ রবিবার। তাই আপাতভাবে শুষ্ক থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা বর্ষণের আশঙ্কা নেই। যদিও এই সময় আকাশ মেঘলা থাকতে পারে। আর এমন আবহাওয়া ১৩ অক্টোবর পর্যন্ত থাকার সম্ভাবনা প্রবল। 

পরিশেষে বলি, আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর নিম্নচাপের প্রভাব নেই। সুতরাং বেশি চিন্তা করবেন না। 

 

 

POST A COMMENT
Advertisement