অবশেষে এয়ারপোর্টের পাশে খুলছে দাদা বৌদি বিরিয়ানিসমস্ত জল্পনা কল্পনার অবসান। অবশেষে এয়ারপোর্টের কাছে খুলতে চলেছে দাদা বৌদি বিরিয়ানি। দীর্ঘ দু'বছর ধরে প্রতীক্ষার পর মধ্যমগ্রাম দোলতলা-বিটি কলেজের মধ্যে রেস্তোরাঁটি খুলতে চলেছে দাদা বৌদি বিরিয়ানি হোটেল।
দাদা-বৌদি বিরিয়ানির অন্যতম কর্ণধার রাজীব সাহা bangla.aajtak.com -কে জানান, পুরো রেস্তোরাঁ এখনও সাজানো গোছানো হয়নি। যতদূর হয়েছে, ততটাই আপাতত খোলা হচ্ছে। তিনি বলেন, "আগামী ৫ অগাস্ট রেস্তোরাঁতে পুজো হবে। তবে গ্রাহকদের জন্য রেস্টুরেন্ট চালু করা হবে ১৫ অগাস্ট থেকে।" অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনই নতুন রেস্তোরাঁ খুলছে দাদা বৌদি বিরিয়ানি।
মধ্যমগ্রাম চৌমাথা থেকে এয়ারপোর্টের দিকে যেতে দোলতলা ও বি.টি কলেজের মধ্যে বাম দিকে খোলা হচ্ছে এই রেস্তোরাঁ। আপাতত জানা গিয়েছে, দাদা বৌদি হোটেল-এর এই শাখাটি হচ্ছে সাত তলা। কিন্তু আপাতত পুরো রেস্তোরাঁটি খোলা হচ্ছে না। প্রথম বা দুটো ফ্লোর প্রাথমিক ভাবে ১৫ অগাস্ট খুলে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালে থেকেই এই আউটলেটটি খোলার পরিকল্পনা করছিলেন হোটেলের কর্ণধাররা। গত দু'তিন বছর ধরেই চলছিল বিল্ডিং তৈরির কাজ। অবশেষে চলতি বছরে এসে সেই কাজ সম্পন্ন হল। এবার ১৫ অগাস্ট খুলে যাবে রেস্তোরাঁটি।
দাদা বৌদি বিরিয়ানির মূল রেস্তোরাঁটি রয়েছে বারাকপুরে। সেখানে দুটি বিল্ডিং রয়েছে দাদা বৌদি হোটেলের। এছাড়াও, সোদপুর- বিটি রোডে আরও একটি শাখা খোলা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এয়ারপোর্ট সংলগ্ন রেস্তোরাঁটি।
দাদা বৌদি বিরিয়ানির নতুন আউটলেটটি খুলছে এয়ারপোর্টের সীমানা যেখানে শেষ হচ্ছে সেই এলাকা থেকে থেকে মাত্র ২০০-৩০০ মিটার দূরে। ১ নম্বর গেট থেকে একেবারে ৫-৬ কিমির মধ্যেই খুলছে দাদা বৌদি বিরিয়ানি।