চোরবাগানে পদপৃষ্টের ঘটনায় কী উঠে আসছে? (ছবি: পিটিআই)এবারের দুর্গাপুজোয় চরম বিপর্যয়ের সাক্ষী হয়েছে কলকাতা। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্টের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরই শুরু হয়েছে তদন্ত। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে।
তদন্তে একাধিক গাফিলতি কথা উঠে আসছে। ভিড় সামলানোর ব্যবস্থা থেকে শুরু করে টাকা দিয়ে পাস বিক্রি এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে আয়োজকদের বিরুদ্ধে নিয়ম না মানার ইঙ্গিতও মিলেছে।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে সরু পথে যাতায়াতের সমস্যার কথা। বিশেষ করে, হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছেন তাঁরা।
এমন পরিস্থিতিতে কীভাবে বিপুল ভিড়ের চাপ তৈরি হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভিআইপি লাইনের জন্য সাধারণ দর্শনার্থীদের চলাচলের পর্যাপ্ত জায়গা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
কোথায় প্রশ্ন?
পদপিষ্টের ঘটনার পর থেকেই ভিআইপি করিডর তৈরির বিষয়টি তদন্তকারীদের নজরে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত, আগে থেকেই ভিড়ে ঠাসা থাকে এই এলাকা। তার উপর ভিআইপি করিডরের কারণে সাধারণ দর্শনার্থীদের জন্য জায়গা অনেকটাই কমে গিয়েছিল।
যদিও ঠিক কীভাবে ঘটনার সূত্রপাত এবং কীভাবে ভিড়ের চাপ বিপজ্জনক আকার নিল, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আয়োজকদের ভূমিকা, এন্ট্রি ও এক্সিটের ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য নেওয়া পদক্ষেপ যথেষ্ট ছিল কি না, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।
৩৯৯ টাকার পাস
অভিযোগ, আয়োজকরা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ৩৯৯ টাকার ডিজিটাল পাস বিক্রি করেছিলেন। এই পাসের সাহায্যে দর্শনার্থীরা দ্রুত মণ্ডপে প্রবেশ করতে পারতেন। লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ত না।
আয়োজকদের দেওয়া ভিআইপি পাস বেআইনিভাবে নগদ টাকার বিনিময়ে আবার বিক্রি করা হয়েছিল কি না, সেই সন্দেহও রয়েছে তদন্তকারীদের মনে। সেই দিকটাও তারা খতিয়ে দেখছেন।
তদন্তকারীদের সামনে প্রশ্ন, কত সংখ্যক পাস বিক্রি করা হয়েছিল, সেগুলি কীভাবে বিলি করা হয়েছিল এবং টাকা দিয়ে প্রবেশের ব্যবস্থা অতিরিক্ত ভিড় তৈরি করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।।
'এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে', বললেন সজল ঘোষ
এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক তথা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ জানান, এই ঘটনা থেকে সমস্ত পুজো উদ্যোক্তার শিক্ষা নিতে। তবে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনও ঘটবে না, তার কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইন্ডিয়া টুডেকে সজল ঘোষ বলেন, 'শিক্ষা নেওয়া উচিত। কিন্তু ইন্দিরা গান্ধীর হত্যার পরেও শিক্ষা নেওয়া হয়েছিল।তবুও রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। বুলেটপ্রুফ জ্যাকেটেরও সীমাবদ্ধতা রয়েছে। কোনও কিছুই সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়।'
ভিআইপি পাস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
চোরবাগানের দুর্ঘটনার পর ভিআইপি পাস নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দুর্গাপুজো কমিটিগুলিকে মণ্ডপে ভিআইপি পাসের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা বন্ধ করার আবেদন জানিয়েছেন।
গ্রেফতার ৭
ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে। সাত জন পুজো উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। মণ্ডপের ব্যবস্থাপনা ও পরিকল্পনা তৈরিতে আয়োজকদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হবে।