যান চলাচল বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভারেশুক্রবার থেকে বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার। বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। ১৩ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইওভার। নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের কাজের অংশ হিসেবে বিশ্ববাংলা সরণিতে সুকান্তনগর সংলগ্ন এলাকায় (PP-326 থেকে PP-327) দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের জন্য উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে। এই সময়ের মধ্যেই বকেয়া কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ও কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে আগামী ১০ জুলাই (শুক্রবার) রাত ৮:টা থেকে শুরু হয়ে ১৩ জুলাই (সোমবার) সকাল ৮:টা পর্যন্ত ফ্লাইওভারটি সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যেই বকেয়া কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল (TMC) সরকারের আমলে প্রায় দেড় বছর অনুমতি না মেলায় চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) প্রকল্পের কাজ আটকে ছিল। কিন্তু সরকার বদলাতেই জট কাটিয়ে কাজ শুরু হয়। মেট্রো লাইন জোড়ার অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। যার জন্য সময় লেগেছে ১২০ ঘণ্টারও কম। চিংড়িঘাটা মোড়ে কাজ শেষ করার পরিকল্পনা সফলভাবেই পূরণ হয়েছে।
চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের (Metro project) জন্য ইতিমধ্যেই এক দফা ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছিল। ২৬ জুন রাত থেকে ২৯ জুন সকাল পর্যন্ত সেই সময়সীমায় মেট্রোর গার্ডার বসানোর গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। দ্বিতীয় দফার কাজের জন্য ফের যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। আগে ঘোষণা করা হয়েছিল, মেট্রো প্রকল্পের কাজের (Metro project) জন্য ৩ জুলাই রাত থেকে ৬ জুলাই সকাল পর্যন্ত ফ্লাইওভারে (flyover) যান চলাচল বন্ধ থাকবে। পরে তা স্থগিত রাখা হয়। এবার ফ্লাইওভার বন্ধ রাখা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ।
নির্দেশিকা অনুযায়ী ৪ দিন বন্ধ থাকবে ফ্লাইওভার। ৬০ ঘন্টা ফ্লাইওভার বন্ধ থাকবে। আসন্ন এই নির্মাণকাজে বিশেষ ক্রেন ব্যবহার করে সড়কপথের উপর একটি বিশাল কংক্রিটের অংশ স্থাপন করা হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই কাজের উদ্দেশ্যে ফ্লাইওভারটি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
বিকল্প পথ
পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে, বেলিয়াঘাটা মেইন রোড এবং ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে চিংড়িঘাটা ফ্লাইওভারের দিকে আসা সমস্ত উত্তরমুখী যানবাহনগুলিকে ফ্লাইওভারে উঠতে না দিয়ে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।