অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস সংক্রান্ত বিষয়ে নোটিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিলেন দমকল আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস সংক্রান্ত বিষয়ে নোটিস। এদিন নোটিস গ্রহণ করেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। বর্তমানে কালীঘাটের ওই বাড়িই তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই কারণেই সেখানে নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
কী কারণে এই পদক্ষেপ?
দমকল সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর বাড়িতে অভিষেকের অফিস রয়েছে। সম্প্রতি ওই বিল্ডিং পরিদর্শন করেন দমকল আধিকারিকরা। বিল্ডিংয়ের সব ক'টি ফ্লোর ঘুরে দেখেন তাঁরা। তারপর বিল্ডিংয়ের মালিককে নোটিস দিয়ে অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
এর আগে ওই বিল্ডিংয়ের বিলবোর্ড খোলা নিয়ে পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেক-অনুগামীদের বচসা ও হাতাহাতির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরেই দমকলের তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। যদিও নোটিসের বিষয়টি মূলত বিল্ডিংয়ের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
এর আগে দমকলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের আইনজীবীরা। তাঁদের বক্তব্য ছিল, অফিস বন্ধ থাকলেও সেখানে আলো-পাখা চলছে। ফলে বিদ্যুতের খরচ বাড়ছে। বিলবোর্ড খোলার ঘটনাতেও ফরেন্সিক পরীক্ষার কথা উঠেছিল। কিন্তু তা এখনও হয়নি বলে আদালতে দাবি করেন মামলাকারীর আইনজীবী।
অফিস খোলার অনুমতি চেয়ে আদালতে আবেদনও জানানো হয়েছিল। অফিস পরিদর্শনের বিষয়েও আদালতের নির্দেশ ছিল বলে দমকল সূত্রে খবর।
সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার কালীঘাটের দলীয় কার্যালয়ে নোটিস পৌঁছল বলে জানা যাচ্ছে। তবে নোটিসে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ক্যামাক স্ট্রিটের অফিস কবে খুলবে, তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি।