Abhishek Banerjee : মমতার বাড়িতে কালীপুজোর মধ্যেই অভিষেককে নিয়ে বড় খবর, গ্রেফতার ২

কালীঘাটে শুক্রবার রাত থেকেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, মাঝরাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান বহু তৃণমূল নেতা-কর্মী।

Advertisement
মমতার বাড়িতে কালীপুজোর মধ্যেই অভিষেককে নিয়ে বড় খবর, গ্রেফতার ২অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কালীঘাটে উত্তেজনা ছড়ায়
  • তাঁর বাড়ির বাইরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে

কালীঘাটে তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি পৃথক এফআইআর। শুক্রবার গভীর রাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উদযাপন চলাকালীন তাঁর বাড়ির বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরপর কয়েক দফায় উত্তেজনা ও সংঘর্ষের পর পুলিশ চারটি পৃথক মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে দুটি মামলা পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছে। বাকি দুটি মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সমর্থকদের তরফে জমা পড়া অভিযোগের ভিত্তিতে।

পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত দুটি মামলার একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, সংঘর্ষের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

চারটি পৃথক মামলায় কী অভিযোগ?

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কালীঘাটের ঘটনার পর চারটি পৃথক মামলা দায়ের হয়েছে। প্রতিটি মামলার নম্বর, অভিযোগকারী এবং ধারাও আলাদা।

প্রথম মামলা:

প্রথম মামলাটি ২২৭/২৬ নম্বরে দায়ের হয়েছে। সাব-ইন্সপেক্টর সৌভিক দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৮৯(২), ১৯০, ১৯১(২), ১২১(১) এবং ১৩২ ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলার তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর পি. বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

দ্বিতীয় মামলা:

দ্বিতীয় মামলাটি ২২৮/২৬ নম্বরে দায়ের হয়েছে। ৩২ বছর বয়সি গুরিয়া হরির অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারিণী আলিপুর রোডের বাসিন্দা। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও ৩০ থেকে ৪০ জনের নাম রয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২), ১৯০, ১৯১(২), ১১৫(২), ১২৬(২), ৭৪, ৭৬ এবং ৩০৩(২) ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলার তদন্ত করছেন লেডি সাব-ইন্সপেক্টর এল. ভুনিয়া। এই মামলাতেই মহম্মদ তৌকির আলম এবং মহম্মদ ইরশাদ ওরফে টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

তৃতীয় মামলা:

তৃতীয় মামলাটি ২২৯/২৬ নম্বরে দায়ের হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২), ১৯০, ১৯১(২), ১১৫(২), ৩৫২, ৩৫১(৪) এবং ৭৯ ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলার তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর এস কে সিংহ। এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

চতুর্থ মামলা:

চতুর্থ মামলাটি ২৩০/২৬ নম্বরে দায়ের হয়েছে। সাব-ইন্সপেক্টর এম পি দে-র লিখিত অভিযোগের ভিত্তিতে ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২), ১৯১(২), ২৮৫, ২২৩, ২২১ এবং ১৩২ ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলার তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর এস ভুইমালি। এই মামলাতেও এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কালীঘাটে উত্তেজনা ছড়ায়। তাঁর বাড়ির বাইরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সংঘর্ষের সময় পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগও সামনে এসেছে।

ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। চারটি পৃথক মামলার তদন্তের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ ছবি সামনে আনার চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার কী হয়েছিল? 

কালীঘাটে শুক্রবার রাত থেকেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, মাঝরাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান বহু তৃণমূল নেতা-কর্মী। তাঁদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের প্রথমে বচসা শুরু হয়। পরে তা ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এবং দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে গড়ায়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিষেকের অভিযোগ, এই গোলমালের মধ্যে তাঁদের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে হয়। পুলিশ সূত্রে খবর, এই সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসেন অভিষেক। সেই সময় পুলিশের সঙ্গে তাঁর তর্ক-বিতর্কও হয়।

POST A COMMENT
Advertisement