
তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ঘটনার জেরে চাঞ্চল্য। সামনে এসেছে ভয়ঙ্কর সব ছবি ও ভিডিও।

তারাতলার ওই গোডাউনে কাজ চলছিল। তার মধ্যেই তা ভেঙে পড়ে। বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক সেখানে আটকে রয়েছে।

ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু হয়েছে। দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এসেছে। একইসঙ্গে নামানো হয়েছে সেনা। তারাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।

সামনে যে সব ভিডিও এবং ছবি এসেছে সেখানে দেখা যাচ্ছে, লোহার ছাদ ধসে ধসে পড়েছে। ছাদটি অনেকটি এলাকাজুড়ে বিস্তৃত।

ছাদটি লোহা দিয়ে তৈরি হচ্ছিল। বড় বড় লোহার বিম। সেই সব ভেঙে পড়েছে। কোথাও কোথাও টিনের শেডও দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই চলে আসে পুলিশ। তাদের তরফে উদ্ধারকারী দলকে ডাকা হয়। । আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা ঘটনাস্থলে আসার পর ধ্বংসস্তূপের ভিতর থেকে অনেকের চিৎকার শুনতে পান।

পুলিশকর্মীদেরও দেখা যায়, তাঁরা ধ্বংসস্তূপের কাছে এগিয়ে গিয়ে ভিতরে কারা আছেন, সেটা বোঝার চেষ্টা করছেন। কথা বলার চেষ্টা করছেন ভিতরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৫০ জনেরও বেশি ভিতরে আটকে রয়েছেন। তবে কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। আশঙ্কা করা করা হয়েছে, বেশ কয়েকজনের মৃত্যু হতে পারে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের একাধিক নেতা ও মন্ত্রী। তাদের তরফে জানানো হয়েছে, উদ্ধারকার্য সবার আগে সম্পন্ন করা হবে।