অভিষেক ও রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ হোয়াটসঅ্যাপে, কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

মঙ্গলবার, কমিশনে জমা দেওয়া চিঠিতে তৃণমূল দাবি করেছে, কমিশনের পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দলীয় নেতাদের এবং তাঁদের পরিবারের সদস্যদের হেনস্থা করার নির্দেশ দেওয়া হচ্ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা।

Advertisement
অভিষেক ও রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ হোয়াটসঅ্যাপে, কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের
হাইলাইটস
  • ভোটের আবহে ফের নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক তুঙ্গে।
  • কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছে  তৃণমূল।

ভোটের আবহে ফের নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছে  তৃণমূল। এবার সরাসরি কমিশনের আধিকারিকদের ‘বিদ্বেষমূলক’ আচরণের অভিযোগ সামনে এনে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

মঙ্গলবার, কমিশনে জমা দেওয়া চিঠিতে তৃণমূল দাবি করেছে, কমিশনের পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দলীয় নেতাদের এবং তাঁদের পরিবারের সদস্যদের হেনস্থা করার নির্দেশ দেওয়া হচ্ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা।

তৃণমূলের দাবি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি দিনের আলোয় তাঁর গাড়ি তল্লাশি করার জন্য ফ্লাইং স্কোয়াডকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, দলীয় প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেও প্রশাসনিক আধিকারিকদের উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি তৃণমূলের।

চিঠির সঙ্গে জমা দেওয়া কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কমিশনের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে, অভিষেকের স্ত্রীর মাধ্যমে নির্বাচনী অর্থ লেনদেন হতে পারে। সেই কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী ছাড়া দলের একাধিক নেতা-মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতে কড়া তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

এছাড়া নদীয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পগুলিতেও তল্লাশি চালানোর নির্দেশের উল্লেখ রয়েছে ওই কথোপকথনে। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার এবং নেপাল সীমান্ত দিয়ে অবৈধ অর্থ প্রবেশের সম্ভাবনার কথা তুলে ধরেও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের অবিলম্বে নির্বাচনী দায়িত্ব থেকে সরানোর দাবিও তুলেছে দল। তৃণমূলের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
 
POST A COMMENT
Advertisement