UGC NET-এর ৩ পরীক্ষার রিটেস্টের সিদ্ধান্ত NTA-র।UGC-NET June 2026: প্রশ্নপত্রে একাধিক ভুল। ফের পরীক্ষার সিদ্ধান্ত। জুন ২০২৬-এর UGC-NET পরীক্ষায় ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা; এই তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে National Testing Agency বা NTA। প্রশ্নপত্রে একাধিক গুরুতর ভুল ধরা পড়েছে। এরপর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিটেস্টের জন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। ইতিমধ্যেই নতুন পরীক্ষার দিনও জানিয়ে দিয়েছে NTA। ফলে যাঁরা এই তিন বিষয়ের UGC-NET পরীক্ষায় বসেছিলেন, তাঁদের নতুন করে প্রস্তুতি নিতে হবে।
কবে কোন পরীক্ষা?
NTA-র নতুন সূচি:
ইংরেজি: ৯ সেপ্টেম্বর ২০২৬, প্রথম পর্ব। সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
কমার্স: ৯ সেপ্টেম্বর ২০২৬, দ্বিতীয় পর্ব। দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা।
সমাজবিদ্যা (Sociology): ১০ সেপ্টেম্বর ২০২৬, প্রথম পর্ব। সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
পরীক্ষার শহর, কেন্দ্র এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য NTA-র সরকারি ওয়েবসাইটে পরে জানানো হবে।
কেন ফের পরীক্ষার সিদ্ধান্ত?
জুন ২০২৬-এ ২২ থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮৭টি বিষয়ের UGC-NET পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে।
অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। সেই কমিটির তদন্তে প্রশ্নপত্রে একাধিক ধরনের ভুলের কথা উঠে আসে।তথ্যগত ভুল, টাইপিং মিসটেক, অনুবাদের সমস্যা এবং ব্যাকরণগত ভুল ধরা পড়ে।
কিছু ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব বা পণ্ডিতদের নামও ভুলভাবে লেখা হয়েছিল বলে অভিযোগ। আবার কিছু বইয়ের বিষয় বা টপিক স্পষ্ট ছিল না। কয়েকটি পুরনো প্রশ্নও ফের প্রশ্নপত্রে চলে এসেছিল বলে তদন্তে উঠে আসে।
বাকি ৮৪ বিষয়ের পরীক্ষার্থীদের কী হবে?
এই সিদ্ধান্তের ফলে UGC-NET-এর বাকি ৮৪টি বিষয়ের ফলাফলে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে NTA। ওই বিষয়গুলির রেজাল্ট নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করা হবে।
অর্থাৎ, তিনটি বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়া হলেও তার প্রভাব অন্য বিষয়গুলির ফল প্রকাশ বা পরবর্তী প্রক্রিয়ায় পড়বে না।
রিটেস্টের জন্য পরীক্ষার্থীদের কী করতে হবে?
ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার পরীক্ষার্থীদের নতুন পরীক্ষার তারিখ মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি NTA-র সরকারি ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড, পরীক্ষাকেন্দ্র এবং সিটি ইন্টিমেশন সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি না, তা নিয়মিত দেখে নেওয়া জরুরি।