লে অফ প্রসেসের প্রভাব পড়ছে ওরাকল ইন্ডিয়াতেও।ফের ছাঁটাই সফটওয়্যার সেক্টরে। মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকল(Oracle) সম্প্রতি বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানায়। সেই লে অফ প্রসেসের প্রভাব পড়ছে ওরাকল ইন্ডিয়াতেও। সবচেয়ে বেশি কোপ পড়তে পারে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং টিমে। এমনই দাবি এক রিপোর্টে। যদিও ভারতে ঠিক কত জন কর্মীর চাকরি যেতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় ১৪ সেপ্টেম্বর থেকেই ছাঁটাই শুরু হয়েছিল। পরে সেই প্রক্রিয়া পৌঁছয় ভারতেও। ওরাকল ইন্ডিয়ার বিভিন্ন দফতরে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্মীদের উপর প্রভাব তুলনামূলকভাবে বেশি।
অন্য দিকে, সাপোর্ট এবং কনসাল্টিংয়ের মতো ডিপার্টমেন্টে ছাঁটাইয়ের প্রভাব তুলনামূলক কম বলে জানা গিয়েছে। ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার বা OFSS-এর কয়েক জন সিনিয়র কর্মীও এই রিস্ট্রাকচারিংয়ের আওতায় পড়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
ভারতে ৩,০০০ কর্মীর চাকরি যেতে পারে?
এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতে প্রায় ৩,০০০ কর্মী এই ছাঁটাইয়ের প্রভাবের মুখে পড়তে পারেন। বিশ্বজুড়ে সংখ্যাটি আরও বেশি হতে পারে। সূত্রের খবর, বিশ্বজুড়ে ৭,০০০ থেকে ১০,০০০ কর্মীর চাকরি যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
AI-তে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে Oracle
এক দিকে কর্মী ছাঁটাই। অন্য দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগ। ওরাকলের সাম্প্রতিক কাজকর্মে এই দুই বিষয়ই নজরে এসেছে।
AI, ক্লাউড পরিকাঠামো এবং ডেটা সেন্টারের ক্ষমতা বাড়াতে বিনিয়োগ করছে সংস্থা। একই সঙ্গে ব্যবসায় আগামিদিনে কোন কোন দিকে বেশি জোর দেওযা হবে, সেই স্ট্র্যাটেজিতেও বদল করা হচ্ছে।
এক বছরে ২১ হাজার কর্মী কমেছে
ওরাকলের কর্মী সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্য হারে কমেছে। প্রায় এক বছর আগে সংস্থায় কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ৬২ হাজার। ২০২৬ সালের ৩১ মে সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৪১ হাজারে।
অর্থাৎ, এক অর্থবর্ষে প্রায় ২১ হাজার কর্মী কমেছে ওরাকলের। তার পরেও নতুন করে ছাঁটাইয়ের প্ল্যান রয়েছে বলে জানা যাচ্ছে।