মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী - পিটিআই ফাইল ছবিপশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষার ফি মকুব করে দিল রাজ্য সরকার। কোনও প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষার ফি দিতে হবে না। এই নিয়ম সব ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের জন্যও প্রযোজ্য। ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী ঠিক জানিয়েছেন?
পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে ‘ভরসা’ প্রকল্প চালুর কথাও ঘোষণা করেছেন তিনি।
সরকারি পরীক্ষার জন্য আর্থিক সাহায্য
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্নাতক এবং স্নাতক নন, এই দুই শ্রেণিতে ভাগ করে বেকারদের ভাতা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত অন্তত পাঁচ বছর পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করা হবে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকার সরকারি চাকরির পরীক্ষায় আবেদনকারীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিত। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পরীক্ষার্থীদের দিতে হত ২৫০ টাকা। কিন্তু এত টাকা নেওয়ার পরেও চাকরি দেওয়া হয়নি। শুভেন্দুর কটাক্ষ, তৃণমূল সরকার ফের ক্ষমতায় এলে একজনও চাকরি পেতেন না।
চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমায় ১০ বছরের ছাড়
আবেদন ফি মকুবের পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২৭ সাল থেকে সরকারি চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় দু’বছরের ছাড় দেওয়া হবে। এর ফলে যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বয়সের সীমা পেরিয়ে যাওয়ায় পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছিলেন না, তাঁরা উপকৃত হতে পারেন।
তবে কোন কোন দফতরের নিয়োগে এই ছাড় কার্যকর হবে, বিভিন্ন পদ ও সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে নিয়ম কী হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেনি রাজ্য সরকার।