চালানোর জন্য বিশেষ দক্ষতারও প্রয়োজন হবে। Bullet Train Driver in India: ভারতে আর ক'দিন পর থেকেই বুলেট ট্রেন চলবে। মুম্বই-আমদাবাদ হাইস্পিড রেল করিডরে দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে। বলাই বাহুল্য, এই ট্রেনের গতি সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি হবে। ফলে চালানোর জন্য বিশেষ দক্ষতারও প্রয়োজন হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বুলেট ট্রেনের চালক কীভাবে হওয়া যাবে? সাধারণ লোকো পাইলটের সঙ্গে তাঁদের পার্থক্য কোথায়? বেতনই বা কত হতে পারে?
মুম্বই-আমদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের পরিচালনার দায়িত্বে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)। এই ট্রেন চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ এবং কঠিন পরীক্ষায় পাশ করতে হবে।
সাধারণ লোকো পাইলটের মতো নয়
বুলেট ট্রেনের চালকের দায়িত্ব সাধারণ লোকো পাইলটের থেকে বেশ কিছুটা আলাদা। হাইস্পিড ট্রেনের গতি অনেক বেশি। তাই চালককে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সামান্য ভুলও বড় সমস্যা হতে পারে।
বুলেট ট্রেনের আধুনিক প্রযুক্তি, উন্নত ব্রেকিং ব্যবস্থা এবং একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ফলে চালকদের এই প্রযুক্তি সম্পর্কে ট্রেনিং নিতে হবে। শুধু ট্রেন চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে না। হাইস্পিড ট্রেন চালানোর জন্য আলাদা প্রযুক্তিগত প্রশিক্ষণও প্রয়োজন।
যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন। সঙ্গে ভারতীয় রেল বা মেট্রোয় ট্রেন চালানোর অভিজ্ঞতাও প্রয়োজন হতে পারে।
সূত্রের খবর, অন্তত তিন বছরের ট্রেন চালানোর অভিজ্ঞতা চাওয়া হতে পারে। অর্থাৎ একেবারে নতুন কাউকে সরাসরি বুলেট ট্রেনের চালক করা হবে না।
মেডিক্যাল ফিটনেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের দৃষ্টি ভাল হতে হবে। রিঅ্যাকশন স্পিডও টেস্ট করা হতে পারে। পাশাপাশি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে প্রার্থীর মানসিক প্রস্তুতি এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করা হতে পারে।
দীর্ঘ প্রশিক্ষণের পরেই চালানোর সুযোগ
বুলেট ট্রেনের চালক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। ট্রেনের আধুনিক প্রযুক্তি, সিগন্যাল ব্যবস্থা, ব্রেকিং সিস্টেম এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হতে পারে।
প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত প্র্যাকটিসও করানো হবে। সব পরীক্ষা এবং প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে তবেই হাইস্পিড ট্রেন চালানোর অনুমতি মিলবে।
বুলেট ট্রেনের চালকের বেতন কত?
এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহ অনেকের। তবে এখনও পর্যন্ত বুলেট ট্রেনের চালকদের বেতন নিয়ে কোনও চূড়ান্ত সরকারি তথ্য নেই। তাই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য হিসাবকে নিশ্চিত বেতন বলা যাবে না।
বর্তমানে ভারতীয় রেলের অভিজ্ঞ মেল ও এক্সপ্রেস লোকো পাইলটরা মাসে প্রায় ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত পান। তার উপর এক্সট্রা ভাতা ও অন্য সুবিধাও আছে। সিনিয়ররা লক্ষাধিক টাকা বেতন পান। কাজটিও যে বেশ পরিশ্রমের, তা বলাই বাহুল্য। ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এই চাকরিতে নেই বললেই চলে। রীতিমতো স্ট্রেসফুল কাজ। ফলে বেতন বেশ জাস্টিফায়েড।
বুলেট ট্রেনের চালকদের দায়িত্ব এবং প্রশিক্ষণ বেশি হওয়ায় তাঁদের বেতনও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে NHSRCL-এর তরফে চূড়ান্ত বেতন কাঠামো প্রকাশ না হওয়া পর্যন্ত এই অঙ্ক নিশ্চিত নয়।
সব মিলিয়ে, ভারতে বুলেট ট্রেনের চালক হওয়া সাধারণ লোকো পাইলট হওয়ার থেকেও অনেক বেশি কঠিন হবে। অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বিশেষ প্রযুক্তিগত প্রশিক্ষণ; সবকিছুকেই গুরুত্ব দেওয়া হবে।