বিটকয়েন আসলে কী?বিটকয়েনের নাম অনেকেই শুনেছেন। কখনও এর দাম হু হু করে বাড়ে, কখনও আবার এক ধাক্কায় অনেকটা কমে যায়। কেউ একে ভবিষ্যতের মুদ্রা বলছেন। আবার কেউ মনে করছেন, এতে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু বিটকয়েন আসলে কী? কোথায় থাকে এই টাকা? ব্যাঙ্ক ছাড়াই বা কী ভাবে হয় লেনদেন? বিষয়টি বুঝতে কয়েকটি সাধারণ ধারণা জানা প্রয়োজন।
বিটকয়েন আসলে কী?
বিটকয়েন হল এক ধরনের ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে এক ব্যক্তি বা গোষ্ঠী এটি চালু করেন। সাধারণ টাকার মতো এর কোনও কাগজের নোট বা কয়েন নেই। এটি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে থাকে। প্রচলিত মুদ্রা যেখানে কেন্দ্রীয় ব্যাঙ্ক বা সরকারের নিয়ন্ত্রণে চলে, সেখানে বিটকয়েন কোনও একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অধীনে নয়।
ব্যাঙ্ক ছাড়া বিটকয়েন কী ভাবে চলে?
বিটকয়েনের লেনদেন পরিচালিত হয় ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে। সহজ করে বললে, এটি একটি ডিজিটাল হিসাবের খাতা। পৃথিবীর বিভিন্ন কম্পিউটারে এই হিসাবের একাধিক কপি থাকে। কেউ বিটকয়েন পাঠালে সেই লেনদেন নেটওয়ার্কে যাচাই করা হয়। তার পর তা ব্লকচেনে নথিভুক্ত হয়। ফলে একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক ছাড়াই লেনদেনের হিসাব রাখা সম্ভব।
বিটকয়েন কোথায় জমা থাকে?
বিটকয়েন রাখার জন্য রয়েছে ডিজিটাল ওয়ালেট। তবে ওয়ালেটে সরাসরি টাকা জমা থাকে না। সেখানে থাকে বিটকয়েন ব্যবহারের প্রয়োজনীয় গোপন চাবি বা প্রাইভেট কি। এই চাবি হারালে নিজের বিটকয়েনের নিয়ন্ত্রণও হারাতে পারেন ব্যবহারকারী। তাই নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিটকয়েনের দাম ওঠানামা করে কেন?
বিটকয়েনের মোট সরবরাহের সর্বোচ্চ সীমা ২ কোটি ১০ লক্ষ। এই সীমিত জোগান, বাজারে চাহিদা, বিনিয়োগকারীদের আগ্রহ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির উপর এর দাম নির্ভর করে। তবে এর বাজারদর অত্যন্ত অস্থির। অল্প সময়েই দাম অনেকটা বাড়তে বা কমতে পারে।
ভারতে বিটকয়েন কেনা বেআইনি?
ভারতে ক্রিপ্টো সম্পদ সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে এগুলি আইনি মুদ্রা বা সরকারি স্বীকৃত টাকা নয়। ক্রিপ্টো থেকে লাভের উপর ৩০ শতাংশ কর এবং নির্দিষ্ট ক্ষেত্রে ১ শতাংশ টিডিএসের নিয়ম রয়েছে। মনে রাখতে হবে, বিটকয়েন কোনও নিশ্চিত আয়ের মাধ্যম নয়। প্রযুক্তি সম্পর্কে না জেনে বা ঝুঁকি না বুঝে টাকা বিনিয়োগ করলে বড় আর্থিক ক্ষতি হতে পারে।