হোম লোন পাওয়ার নিয়ম যৌথভাবে হোম লোনের আবেদন করলে দু’জন আবেদনকারীর আয় ও আরও নানা বিষয় দেখে লোনের অনুমোদন দিয়ে থাকে ব্যাঙ্ক। তবে মনে রাখা দরকার যৌথ হোম লোনে একজনের ক্রেডিট স্কোর ভালো থাকা যথেষ্ট নয়। দুজনেরই ভালো থাকতে হবে।
অর্থাৎ মূল আবেদনকারীর ক্রেডিট স্কোর ভালো হলেও অন্য সহ-আবেদনকারীর ক্রেডিট স্কোর দুর্বল হলে তার প্রভাব পুরো হোম লোনের আবেদনের উপর পড়তে পারে। কোনও সহ-আবেদনকারীর কম ক্রেডিট স্কোর, ঋণ পরিশোধে অনিয়ম, বকেয়া বা অতীতে কিস্তি দিতে দেরি করার রেকর্ড থাকলে ঋণ অনুমোদনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
যৌথ হোম লোনে সব আবেদনকারীকেই যাচাই করে ব্যাঙ্ক
যৌথভাবে হোম লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক শুধু মূল আবেদনকারীর আর্থিক সক্ষমতা বা ক্রেডিট স্কোর দেখে সিদ্ধান্ত নেয় না। প্রতিটি সহ-আবেদনকারীর ক্রেডিট ইতিহাসও সামগ্রিকভাবে মূল্যায়ন করে। ফলে কোনও একজন আবেদনকারীর ভালো ক্রেডিট স্কোর থাকলেই অন্য সহ-আবেদনকারীর খারাপ ঋণ পরিশোধের ইতিহাস পুরোপুরি সামলে দেওয়া সম্ভব নয়।
ধরা যাক, একজন আবেদনকারীর ক্রেডিট স্কোর যথেষ্ট ভালো। কিন্তু তাঁর সহ-আবেদনকারীর অতীতে একাধিক কিস্তি বাকি রয়েছে, ঋণের টাকা সময়মতো পরিশোধ করা হয়নি অথবা এখনও কিছু বকেয়া রয়েছে। সেক্ষেত্রে ব্যাঙ্ক ওই পরিবারের সামগ্রিক ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
ব্যাঙ্কের মূল্যায়নের উপর নির্ভর করে এর প্রভাব পড়তে পারে।
সহ আবেদনকারীর ক্রেডিট স্কোর ভালো না থাকলে হোম লোনের অনুমতি পেতে নাও পারেন। এছাড়াও যে পরিমাণ ঋণ আপনি চাইছেন তা নাও পেতে পারেন। ব্যাঙ্ক নানা শর্ত চাপিয়ে দিতে পারে।
কেন গুরুত্বপূর্ণ ক্রেডিট হিস্ট্রি?
ক্রেডিট স্কোর কোনও ব্যক্তির ঋণ পরিশোধের অভ্যাসের গুরুত্বপূর্ণ সূচক। সাধারণভাবে ৭০০-র বেশি ক্রেডিট স্কোরকে অনেক স্ট্যান্ডার্ড ক্রেডিট প্রোডাক্টের ক্ষেত্রে মোটামুটি গ্রহণযোগ্য বলে ধরা হয়। তবে দীর্ঘমেয়াদি হোম লোন অনুমোদনের সময় ব্যাঙ্ক শুধু ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে না।
ঋণগ্রহীতার আর্থিক পরিস্থিতির আরও বেশ কিছু দিক খতিয়ে দেখা হয়। এর মধ্যে রয়েছে। যেমন আয় কতটা স্থায়ী, বর্তমানে কতগুলি ঋণ রয়েছে। মাসে কত টাকা EMI দিতে হচ্ছে, নতুন হোম লোনের EMI বহন করার ক্ষমতা, অতীতের ঋণ পরিশোধের রেকর্ড ইত্যাদি। ক্রেডিট প্রোফাইল মোট মূল্যায়নের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে থাকতে পারে। পাশাপাশি আয় এবং বিদ্যমান আর্থিক দায়-দায়িত্বও গুরুত্বপূর্ণ। তাই প্রাইমারি আবেদনকারীর ক্রেডিট স্কোর ভালো হলেই যৌথ হোম লোন নিশ্চিত হয়ে যাবে- এমন ধারণা ঠিক নয়।
যৌথ হোম লোনের আগে ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন
যাঁরা যৌথভাবে হোম লোন নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের আবেদন করার আগেই প্রত্যেক সহ-আবেদনকারীর ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করে নেওয়া উচিত। ফলে জানতে পারবেন, কোনও পুরনো ঋণের টাকা বকেয়া রয়েছে কি না, কোনও EMI দিতে দেরি হয়েছিল কি না, কোনও পেমেন্ট মিস হয়েছে কি না বা
যদি কোনও আবেদনকারীর পুরনো ঋণের টাকা বকেয়া থাকে, তাহলে যৌথ হোম লোনের জন্য আবেদন করার আগে সেই বকেয়া পরিশোধ করা সামগ্রিক ক্রেডিট প্রোফাইল শক্তিশালী করতে পারে।
একই সঙ্গে হোম লোনের জন্য আবেদন করার ঠিক আগে অপ্রয়োজনীয় নতুন ঋণ বা একাধিক ক্রেডিট কার্ড নেওয়া এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা একজন আবেদনকারীর উপর বেশি আর্থিক চাপ রয়েছে বলে ইঙ্গিত করতে পারে।
শুধু ক্রেডিট স্কোর নয়, আয় ও EMI-ও গুরুত্বপূর্ণ
হোম লোন দেওয়ার আগে ব্যাঙ্ক যৌথভাবে আবেদন করা ব্যক্তিদের সম্মিলিত ঋণ পরিশোধের সক্ষমতাও যাচাই করে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাপকাঠি হল FOIR। সহজ ভাষায়, একজনের মাসিক নেট আয়ের কতটা অংশ ইতিমধ্যেই বিভিন্ন EMI এবং প্রস্তাবিত হোম লোনের EMI মেটাতে চলে যাচ্ছে, সেই অনুপাতই FOIR।
হোম লোনের আগে কী করবেন?
যৌথভাবে হোম লোনের আবেদন করার আগে দুই আবেদনকারীরই কয়েকটি বিষয় যাচাই করে নেওয়া উচিত।